'হত্যা ষড়যন্ত্রের' তদন্ত চাইলেন আসমা জাহাঙ্গীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসমা জাহাঙ্গীর
আসমা জাহাঙ্গীর

পাকিস্তানের শীর্ষ মানবাধিকার আন্দোলনকর্মী ও আইনজীবী আসমা জাহাঙ্গীর তাঁকে হত্যার একটি পরিকল্পনার ব্যাপারে তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি ‘কোন শক্তি তাঁকে থামিয়ে দিতে চেয়েছিল’ তা খুঁজে বের করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন।
কথিত ওই হত্যা পরিকল্পনা নিয়ে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ একটি খবর ছাপা হয়। মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছিল, পাকিস্তানের কিছু নিরাপত্তা কর্মকর্তা আসমা জাহাঙ্গীরকে হত্যার পরিকল্পনা করেছিলেন। পাকিস্তান সরকার এই অভিযোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।
গত জুন মাসে এক সংবাদ সম্মেলন করে আসমা জাহাঙ্গীর বলেছিলেন, তাঁকে হত্যার ষড়যন্ত্র চলছে এবং নিরাপত্তা বাহিনীরই কেউ কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। গত বুধবার প্রকাশিত বিবৃতিতে খ্যাতিমান এ মানবাধিকারকর্মী ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পাকিস্তানে গণতন্ত্র এবং মানবাধিকার রক্ষায় তাঁর সংগ্রামী কণ্ঠকে রোধ করা যাবে না।
আইনজীবী আসমা জাহাঙ্গীর পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সির (আইএসআই) কড়া সমালোচক। তবে আইএসআই ওই হত্যা পরিকল্পনার অনুমোদন দিয়েছিল কি না সেই তথ্য মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে নেই। ডন ও বিবিসি।