'হামলার অজুহাত খোঁজা হচ্ছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার অজুহাত খুঁজছে। গতকাল সোমবার চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ তোলেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে রুশ-মার্কিন মতৈক্যে প্রতিষ্ঠিত জেনেভা রূপরেখা মানতে দামেস্ক ব্যর্থ হলে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এ হামলা চালানোর জন্য প্রস্তুত। জাতিসংঘের অনুমোদন না পেলেও এ হামলা হতে পারে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ওবামার এই হুঁশিয়ারির কঠোর সমালোচনা করে বাশার বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের অজুহাত খোঁজে, তাহলে তা খুঁজেও পাবে। এমনটা করলে কখনোই যুদ্ধ ঠেকানো যাবে না।’
বাশার বলেন, যুক্তরাষ্ট্র যত দিন অন্য দেশের ওপর তার প্রভুত্ব বজায় রাখার মানসিকতা চালিয়ে যাবে, তত দিন আমরা সবাই তাদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। শুধু সিরিয়া সংকট নয়, যেকোনো সংকটে কয়েকটি পশ্চিমা দেশের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মানসিকতা লক্ষ করা যায়।
জেনেভা রূপরেখা অনুযায়ী সিরিয়ার রাসায়নিক অস্ত্রের তালিকা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হাতে তুলে দেওয়ার কথা।
নেদারল্যান্ডসভিত্তিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা অর্গানাইজেশন ফর প্রহিবিশন অব কেমিক্যাল উইপেনস (ওপিসিডব্লিউ) এসব অস্ত্র ধ্বংস করবে। সিরিয়া ইতিমধ্যে সেই তালিকা পর্যবেক্ষকদের কাছে হস্তান্তর করেছে। পর্যবেক্ষকেরা সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শন করবেন।
বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বাশার বলেন, সন্ত্রাসীরা পর্যবেক্ষকদের পরিদর্শনে বাধার সৃষ্টি করতে পারে। কারণ, তারা বিদেশিদের কথায় চলে। বাধার সৃষ্টি করে তারা সিরিয়া সরকারের ওপর দায় চাপাবে। তিনি বলেন, সিরিয়া কয়েক দশক ধরে রাসায়নিক অস্ত্র তৈরি করছে। তাই এ ধরনের অস্ত্রের পরিমাণ অনেক বেশি হবে, সেটাই স্বাভাবিক। ‘বিশেষ পরিস্থিতিতে’ ব্যবহারের জন্যই এগুলো তৈরি করা হয়েছে।
বাশার বলেন, রাসায়নিক অস্ত্র সুরক্ষিত আছে এবং এগুলো সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই আছে। রয়টার্স ও আল-জাজিরা।