'হাসপাতালে এসেও অনেকে হুমকি দিচ্ছেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামিদ মির
হামিদ মির

নিজের ওপর হামলার জন্য পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ‘আইএসআইয়ের ভেতরের আইএসআই’কে দায়ী করেছেন হামিদ মির। তিনি বলেছেন, তাঁকে হাসপাতালে বন্ধুর মতো দেখতে এসেও অনেকে হুমকি দিয়ে যাচ্ছেন।
গতকাল শনিবার বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাত্কারে এ অভিযোগ করেন পাকিস্তানের প্রখ্যাত এই সাংবাদিক।
১৯ এপ্রিল করাচি বিমানবন্দর থেকে জিয়ো নিউজের কার্যালয়ে যাওয়ার সময় হামিদ মিরের গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি ছোড়ে। এতে তাঁর শরীরে ছয়টি গুলি লাগে। এ ঘটনায় কেউ দায় স্বীকার না করলেও গত মঙ্গলবার হামিদ মিরের বরাত দিয়ে তাঁর ভাই আমির মির এক বিবৃতিতে অভিযোগ করেন, এ হামলার পেছনে আইএসআই দায়ী।
হামলার শিকার হওয়ার পর গণমাধ্যমের সঙ্গে প্রথম আলাপচারিতায় গতকাল হামিদ মির জানান, তাঁকে আগের মতো আবারও একই কায়দায় পাকিস্তান ছেড়ে যেতে বলা হয়েছে। তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছে, ‘দীর্ঘ লড়াই হবে।’
সম্প্রতি কারা হুমকি দিয়েছে এমন প্রশ্নে জিও টিভির এই নির্বাহী সম্পাদক বলেন, ‘বন্ধুর বেশে অনেকে আমাকে দেখতে আসে। কিন্তু যাওয়ার সময় হুমকি দিয়ে যায়। ওরা আমাকে বলেছে, তুমি বরং পাকিস্তান থেকে চলে যাও। এটা এখন আর তোমার জন্য নিরাপদ জায়গা নয়। গতকালই (শুক্রবার) একজন উচ্চপদস্থ ব্যক্তি আমাকে বলে গেছেন, আমার ওপর আবারও হামলা হতে পারে।’
হামিদ মির জানান, যে লোকগুলো তাঁকে হুমকি দিচ্ছেন, তাঁরা সব সময় পাকিস্তানের সামরিক শক্তির সঙ্গে জড়িত ছিলেন। যাঁরা সাংবাদিকদের আন্দোলনের ওপর নজরদারি করেন, সাংবাদিকদের টেলিফোনের কথাবার্তা গোপনে রেকর্ড করেন, তাঁরাই হামলার সঙ্গে জড়িত।
হামিদ মির বলেন, ‘এই লোকগুলোই কেবল জানতে পারেন, হামিদ মির কোন ফ্লাইটে করাচি যাবেন, বিমানবন্দরে কোন গাড়ি তাঁকে তুলে নেবে এবং কোন সময় তিনি বিমানবন্দর থেকে বের হবেন। তাঁরা জানতেন, কোথায় গাড়ির ওপর হামলা করতে হবে, ঠিক কোন জায়গায় সিসিটিভি ক্যামেরা কাজ করছে না।’
হামিদ মির বলেন, তাঁর ওপর হামলার পেছনে আইএসআইয়ের ভেতরের আইএসআইকে তিনি সন্দেহ করছেন। তিনি জানান, টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে মেজর ওয়াজাহাত নামের এক ব্যক্তি তাঁকে ফোন করেছিলেন। এ ব্যাপারে কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হামিদ মির প্রশ্ন করেন, ‘যে নিষিদ্ধ সংগঠনগুলো আমার বিরোধিতা করছে, আর আইএসআইয়ের সহযোগী হিসেবে কাজ করছে, তারা কি আইএসআইয়ের ভেতরের আইএসআই নয়?’

সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ বলে পরিচিত হামিদ মির পাকিস্তানের কট্টরপন্থীদের কাছে শত্রু বলে বিবেচিত। এবারের হামলার আগেও তাঁকে হত্যার চেষ্টা করা হয়। ২০১২ সালের নভেম্বরে ইসলামাবাদে হামিদ মিরের গাড়ির নিচে আধা কেজি বিস্ফোরক পাতা হয়। পরে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড গিয়ে তা উদ্ধার করে।

হামিদ মির বাংলাদেশেও বেশ পরিচিত নাম। প্রথম আলো ও ডেইলি স্টার-এ তিনি বিভিন্ন সময়ে লিখেছেন। হামিদ মিরের বাবা ওয়ারিস মিরকে আমাদের মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশি বন্ধু হিসেবে সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। গত বছরের মার্চে বাবার সম্মাননা গ্রহণ করতে বাংলাদেশে এসেছিলেন হামিদ মির।