‘হিটলার ছিলেন ভীরু শূকর’
জার্মানির সাবেক নেতা অ্যাডলফ হিটলারকে ‘ভীরু শূকর’ বলেই মনে করতেন প্রথম বিশ্বযুদ্ধে তাঁর সহযোদ্ধাদের অনেকে। নতুন একটি বইতে প্রথমবারের মতো প্রকাশিত যোদ্ধাদের চিঠিপত্র এবং ডায়েরি অনুযায়ী হিটলার ছিলেন নিঃসঙ্গ, দুর্বলচিত্ত এবং ব্যঙ্গবিদ্রূপের পাত্র।অ্যাবাডিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ টমাস ওয়েবারের লেখা হিটলারস ফার্স্ট ওয়ার বইতে এসব নথিপত্র প্রকাশ করা হয়েছে। নিজের ষোড়শ বেভেরিয়ান রিজার্ভ রেজিমেন্টের ইনফ্যানট্রি সেনাদের কাছে হিটলার বেশ জনপ্রিয় ছিলেন বলে প্রচলিত মতের থেকে ভিন্ন ধারণা দেবে এই বই।টমাস ওয়েবার দেখিয়েছেন, প্রথম বিশ্বযুদ্ধে হিটলারের ভূমিকাকে পরবর্তী সময়ে অতিরঞ্জিত করে প্রচার করেছে নাৎসিবাদীরা। এ ছাড়া প্রথম বিশ্বযুদ্ধের নির্মম অভিজ্ঞতার ফলেই হিটলার গোড়া সংস্কারবাদী বনে যান এবং অবশিষ্ট বিশ্বের ওপর তাঁর তীব্র ঘৃণা জন্মায় বলে যে ধারণা প্রচলিত আছে, তা ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন ওয়েবার।ইতিহাসবিদ ওয়েবার বলেন, ‘প্রচলিত ধারণা অনুযায়ী, হিটলার একজন সাহসী যোদ্ধা এবং সহযোদ্ধাদের মধ্যে জনপ্রিয় ছিলেন। নাৎসি দল শুরু থেকেই এই বিষয়টা কাজে লাগায় নিজেদের জনপ্রিয়তা বাড়াতে। আর ধারণাটি আরও জোরদার করতে তারা অনেক কিছুই করেছে, যদিও প্রকৃত সত্য ভিন্ন। হিটলারের সঙ্গে বেশির ভাগ যোদ্ধার দূরত্ব ছিল অনেক।’ওয়েবার আরও বলেন, সবাই জানে, হিটলার এক পরিখা থেকে আরেক পরিখায় বার্তা আদান-প্রদানের কাজ করতেন, যা খুবই বিপজ্জনক। কিন্তু এ কথা ধোপে টেকে না। কেননা তাঁর দায়িত্ব ছিল বিভিন্ন রেজিমেন্ট সদর দপ্তর, যেমন ব্যাটালিয়ন বা ইউনিটের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া। কাজেই অগ্রবর্তী সেনাদের থেকে তিনি তিন থেকে পাঁচ কিলোমিটার পেছনে থাকতেন।সেনাদের থেকে হিটলারের এই দূরত্বের কারণে এক যোদ্ধা তাঁকে ‘পেছনদিককার শূকর’ বলে অভিহিত করেছেন বলে জানান ওয়েবার। টেলিগ্রাফ।