'হুমকির কারণে' জাতিসংঘে যাননি মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, ‘জীবনের প্রতি হুমকির’ কারণেই তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাননি। তাঁর পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস জানু জাতিসংঘে গেছেন।
চীন সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফেরেন মাদুরো। এরপর তিনি স্থানীয় গণমাধ্যমকে জানান, চীন থেকে ফেরার পথে কানাডার ভ্যাঙ্কুভারে পৌঁছে তিনি দুটি ‘মারাত্মক প্ররোচনার’ তথ্য জানতে পারেন। এর পরিপ্রেক্ষিতে তিনি জাতিসংঘ সফর বাতিল করে সরাসরি দেশে ফিরেছেন। মাদুরো বলেন, ‘আমি ভ্যাঙ্কুভারে পৌঁছে বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য পাই। এরপর নিজের জীবন রক্ষার্থে আমি দেশে ফিরে এসেছি।’ তিনি বলেন, দুটি প্ররোচনার একটি হলো তাঁর জীবননাশের ষড়যন্ত্র এবং অন্যটি তিনি নিউইয়র্কে গেলে সেখানে সহিংসতার পরিকল্পনা। যুক্তরাষ্ট্র এসব পরিকল্পনা ও ষড়যন্ত্র সম্পর্কে জানে বলে দাবি করেন প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেন, ‘এ জন্যই মার্কিন প্রেসিডেন্টের নাকের ডগায় এসব ঘটতে পারছে।’
চলতি মাসের শুরুর দিকে এক বিদ্যুৎ বিপর্যয়ের পর মাদুরো দাবি করেন, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করে হোয়াইট হাউস ভেনেজুয়েলার সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে।
মাদুরোর পূর্বসূরি জনপ্রিয় বিপ্লবী নেতা প্রয়াত হুগো চাভেজও প্রায়ই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ এ ধরনের বিভিন্ন অভিযোগ করতেন। এএফপি।