‘হ্যারির নগ্ন ছবি প্রকাশ গর্হিত কাজ’
প্রিন্স হ্যারির বন্ধু আর্থার ল্যান্ডন গতকাল শনিবার বলেছেন, ব্রিটিশ রাজপরিবারের সদস্যের নগ্ন ছবি প্রকাশ করাটা গর্হিত কাজ হয়েছে। যে ব্যক্তি ছবিগুলো ফাঁস করেছেন, তিনি হ্যারির আতিথেয়তার সুযোগকে ব্যবহার করেছেন।চলচ্চিত্র নির্মাতা আর্থার ল্যান্ডন (৩০) যুক্তরাজ্যের তরুণ সম্পদশালীদের অন্যতম। তিনিও হ্যারির সঙ্গে লাস ভেগাসে অবকাশ যাপনে গিয়েছিলেন। ডেইলি টেলিগ্রাফ পত্রিকাকে ল্যান্ডন বলেন, ছবি প্রকাশের ঘটনা লাস ভেগাসে অবকাশ যাপনের ওপর সত্যিকার অর্থেই একটা কলঙ্ক এঁকে দিল।হ্যারির নগ্ন ছবি প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংবাদভিত্তিক ওয়েবসাইট টিএমজি। পরে তা সারা বিশ্বে ফলাও করে প্রচার পায়। ব্রিটিশ গণমাধ্যম প্রথমে ছবিগুলো প্রকাশ করেনি। তবে রুপার্ট মারডকের ট্যাবলয়েড দ্য সান শুক্রবার ছবিগুলো প্রকাশ করেছে। পত্রিকাটি বলেছে, অনলাইনের মাধ্যমে যেসব ছবি এরই মধ্যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেছে, সেগুলো ব্রিটিশ পত্রপত্রিকাগুলোতে না ছাপানোটা ‘হাস্যকর’।ল্যান্ডন বলেন, ‘এটা ঘৃণ্য ব্যাপার। এ ঘটনা সেদিন যাঁরা ওই ভ্রমণে ছিলেন, সবার ক্ষতি করেছে।’এএফপি।