'৪২ বছরের অপেক্ষার যেন অবসান ঘটেছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একাত্তরে ভাইকে যুদ্ধে পাঠিয়ে নয় মাস অপেক্ষার প্রহর কাটিয়েছি। আজ ৪২ বছরের অপেক্ষার দীর্ঘ প্রহরের যেন অবসান ঘটেছে।’ 

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার পর এ অনুভূতি প্রকাশ করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রবীণ রোজিনা বেগম।

কেবল রোজিনা বেগমই নন, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি মানুষের কাছে ১২ ডিসেম্বর দিনটি ছিল উদ্বেগ, উত্কণ্ঠা ও উত্তেজনার। দিনের শুরু থেকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রহর গুনছিলেন তাঁরা।

নিউইয়র্ক স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই খবর আসতে থাকে ফাঁসি কার্যকর করার প্রস্তুতি চলছে। কাজকর্ম ফেলে রেখে টিভির পর্দায় সার্বক্ষণিক চোখ রাখেন প্রবাসীরা। আবেগময় আলাপচারিতায় ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো সারাক্ষণ সচল ছিল। শেষ মুহূর্তে আবার কোন নাটকীয়তার সৃষ্টি হয়—এ নিয়ে উদ্বেগ ছিল সবখানে।

কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পরপরই বাংলাদেশের গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো সংবাদটি গুরুত্বের সঙ্গে প্রচার করে। বেশ কিছু প্রভাবশালী পশ্চিমা মিডিয়া কাদের মোল্লাকে ‘ইসলামিক লিডার’ পরিচয় দিয়ে তাঁর ফাঁসির সংবাদ পরিবেশন করে।

দণ্ডাদেশ কার্যকর হওয়ার সংবাদ পেয়েই নিউইয়র্কপ্রবাসীরা ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠেন। ডিসেম্বরের কনকনে শীত উপেক্ষা করে প্রবাসীদের কেউ কেউ সড়কে নেমে আসেন।

প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার আকবর কিরণ নিউইয়র্কসহ সংলগ্ন এলাকার প্রবাসীদের জ্যাকসন হাইটসে সমবেত হয়ে আনন্দ প্রকাশের আহ্বান জানান। সন্ধ্যায় নিউইয়র্ক জাগরণ মঞ্চ জ্যাকসন হাইটসে সমবেত হয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে।

জ্যাকসন হাইটসে আনন্দে কাঁদছিলেন প্রবাসী ফখরুল ইসলাম। আবেগ জড়ানো কণ্ঠে তিনি বলেন, আওয়ামী লীগ যদি আর ক্ষমতায় নাও থাকে, কোনো দুঃখ নেই।

প্রবাসী সাংবাদিক মাহফুজুর রহমান বলেন, ‘যৌবনের দীর্ঘ পথ যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে আন্দোলন করেছি। আজ তা বাস্তবায়ন হলো। দূর দেশে থেকেও মনে হচ্ছে যেন শাহবাগেই আছি।’

কানাডাপ্রবাসী লেখক কবি সাইফুল্লাহ মাহমুদ প্রশ্ন করেন, ‘সৌদি আরবে বাংলাদেশিদের যখন ফাঁসি হলো, তখন কোথায় ছিল অ্যামনেস্টি আর জাতিসংঘ মানবাধিকার কর্তৃপক্ষ?’

আটলান্টা থেকে তথ্যপ্রযুক্তি বিষয়ের শিক্ষার্থী জেড এ জয় বলেন, কাদের মোল্লাকে দিয়ে ঘাতকদের দণ্ডাদেশ কার্যকর শুরু হলো।

নিউইয়র্কপ্রবাসী শাহানা বেগম বলেন, একাত্তরে নরহত্যার অন্যতম প্রতীক হয়ে উঠেছিলেন কাদের মোল্লা। এ বিচারের মধ্য দিয়ে তাঁর কর্মফল পেলেন। তাই দূর দেশে আজ বড় আনন্দের দিন।

জামাইকাতে বসবাসরত এহিয়া চৌধুরী বলেন, বাঙালির দায় মোচন শুরু হওয়ার দিন আজ।

নিউইয়র্ক থেকে সাইফুল চৌধুরী বিদ্রূপ করে বলেন, আজ জামায়াত-শিবিরের লোকজনের মিষ্টি খাওয়ার দিন। তাঁদের নেতা ‘শহীদ’ হয়েছেন। তিনি বলেন, একমাত্র শেখ হাসিনাই পারবেন বাঙালির এ দায় মুক্তির নেতৃত্ব দিতে, যা আজ প্রমাণিত হয়েছে।

ডালাস থেকে কাওসার মজুমদার জানান, দেশে গিয়ে শাহবাগ চত্বরে গিয়েছিলেন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের আন্দোলনের এ ফসল আমাদের অনেক অপ্রাপ্তিকে ভুলিয়ে দিয়েছে আজ।’

মিশিগান থেকে হরিনারায়ণ দত্ত বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাতির আরেকবার ঐক্যবদ্ধ হওয়ার সময় আজ।

প্রবাসী নাজমুল হক হেলাল বলেন, ৪২ বছরের আবর্জনা ছুড়ে ফেলার কাজ শুরু হয়েছে। এ অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে।

কানেটিকাটে বসবাসরত মইনুল হক বলেন, ‘আমরা নিজেরাই নিজেদের দায় মুক্তির কাজটি করতে পেরেছি।’

প্যাটার্সন থেকে মর্তুজা আলী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমাদের যেন কান্নার অবসান ঘটে।’ কাদের মোল্লার ফাঁসির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ আবার জেগে উঠুক—এ প্রত্যাশা নিউ জার্সিপ্রবাসী নাসিমা সুলতানার।