
সিরিয়ার রাসায়নিক অস্ত্র ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে ধ্বংস করতে হবে, বা দেশটি থেকে অন্য কোথাও সরিয়ে নিতে হবে। সিরিয়া সরকার এটা না মানলে অবরোধ বা সামরিক শক্তি প্রয়োগের হুমকি সংবলিত জাতিসংঘ প্রস্তাবের মাধ্যমে তা কার্যকর করা হবে। গতকাল শনিবার জেনেভা আলোচনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র এ ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সিরিয়া সংকট নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় গতকাল টানা তৃতীয় দিনের মতো বৈঠক করেন। এরপর এক যৌথ সংবাদ সম্মেলনে মতৈক্যে পৌঁছার কথা জানান কেরি। এ সময় সিরিয়াকে নিরস্ত্র করার রূপরেখায় ছয়টি দফা উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিরিয়ার রাসায়নিক অস্ত্রের ধরন ও পরিমাণ সম্পর্কে ধারণা নেওয়ার পর আমরা এসব অস্ত্র যত দ্রুত সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছি।’ কেরি জানান, সিরিয়াকে তার রাসায়নিক অস্ত্রের তালিকা এক সপ্তাহের মধ্যেই দিতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র পরিদর্শক দলকে নভেম্বরে সিরিয়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অনুমতি দিতে হবে। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো, ২০১৪ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংস করা।’
এই লক্ষ্যকে অর্জনযোগ্য বলে আখ্যায়িত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘কারণ রাসায়নিক অস্ত্র সিরিয়ার সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণেই আছে। আর সিরিয়ায় বিভিন্ন স্থাপনা পরিদর্শনের অনুমতি পাওয়াও কঠিন হবে না। আমরা শিগগিরই এ বিষয়ে দামেস্ককে পরীক্ষায় ফেলব।’
কেরি গুরুত্বের সঙ্গে উল্লেখ করেন, সিরিয়া এই বিষয়গুলো অস্বীকার করলে জাতিসংঘে প্রস্তাব গ্রহণের মাধ্যমে দেশটির বিরুদ্ধে শক্তি প্রয়োগ করার ব্যাপারে একমত হয়েছে ওয়াশিংটন ও মস্কো। কেরি বলেন, ‘আমরা যে রূপরেখা দিচ্ছি, তা সহজে পালন করার মতো। আর এটা করা সম্ভব হলে শুধু সিরিয়ার জনগণের জন্য নয়, দেশটির প্রতিবেশী দেশগুলোর জনগণের ওপরও রাসায়নিক হামলার আশঙ্কা কমে যাবে।’
সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী মাসের মধ্যেই সিরিয়ার বিষয়ে আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আয়োজন করা হবে। ওই সম্মেলনে আমরা সিরিয়ার সব পক্ষের উপস্থিতি নিশ্চিত করার চেষ্টা করব।’
সিরিয়া সংকট সমাধানে কেরি ও লাভরভ জেনেভায় গত বৃহস্পতিবার থেকে আলোচনা শুরু করেন। ওই আলোচনায় দুই দেশের জ্যেষ্ঠ অনেক কর্মকর্তা অংশ নিচ্ছেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন গত শুক্রবার বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জোরালো প্রমাণ পাওয়া গেছে। জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলের তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি স্পষ্ট হবে। পরিদর্শকদের কাল সোমবার ওই প্রতিবেদন বান কি মুনের কাছে জমা দেওয়ার কথা।
কেরির ছয় দফা
১. সিরিয়ার রাসায়নিক অস্ত্রের পরিমাণ ও ধরন বিষয়ে সব পক্ষকে একমত হতে হবে এবং তা ‘দ্রুত’ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে দিতে হবে
২. সিরিয়াকে এক সপ্তাহের মধ্যে রাসায়নিক অস্ত্রের মজুতের তালিকা দিতে হবে
৩. রাসায়নিক অস্ত্র কনভেনশনের বিশেষ প্রক্রিয়া দ্রুত অস্ত্র ধ্বংসের পথ সুগম করবে
৪. অস্ত্র পরিদর্শকদের সব স্থাপনায় ‘অবিলম্বে ও নির্বিঘ্নে’ প্রবেশ করতে দিতে হবে
৫. সব রাসায়নিক অস্ত্র অবশ্যই ধ্বংস করতে হবে। সিরীয় ভূখণ্ড থেকে ওই সব অস্ত্র সরিয়ে নেওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখতে হবে
৬. এ কাজে জাতিসংঘ উপকরণগত সহায়তা দেবে। সিরিয়া যাতে এটা মানে তা ৭ নম্বর পরিচ্ছেদ অনুযায়ী নিশ্চিত করা হবে। বিবিসি ও এএফপি।