ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ১৬ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ছত্তিশগড় রাজ্যে গতকাল মঙ্গলবার মাওবাদী বিদ্রোহীদের হামলায় পুলিশের অন্তত ১৬ জন সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
পুলিশ সূত্র জানায়, ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হামলার পর অন্য চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাঁদের অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
মাওবাদীদের হামলার সত্যতা নিশ্চিত করে স্থানীয় পুলিশ কর্মকর্তা অরুণ দেব গৌতম জানান, গতকাল সকালে রাজ্যের সুকমা জেলার তঙ্গপাল এলাকায় নকশাল হিসেবে পরিচিত বিদ্রোহীরা পুলিশের গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। বহরটি রাস্তা নির্মাণ কমিটির সদস্যদের নিরাপত্তা দিতে যাচ্ছিল। মাওবাদী বিদ্রোহীরা প্রথমে স্থল মাইনের বিস্ফোরণ ঘটায়। এর পরই ট্রাকবহরের দিকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে এ লড়াই। এতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ১১ সদস্য এবং জেলা পুলিশের পাঁচ সদস্য নিহত হন। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া।