সম্পাদক মতিউর রহমান ও সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রথম আলো বন্ধুসভার মানববন্ধন। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে তোলা
ছবি: জুয়েল শীল

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভার) শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম। একই সঙ্গে মানববন্ধন থেকে শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। বন্ধুসভার এ মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেয় ‘স্বপ্নচাষী’ নামের একটি সংগঠন।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করো’; ‘সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করো’; ‘সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা বাতিল করে নিঃশর্ত মুক্তি দাও’।

মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (চট্টগ্রাম অঞ্চল) যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের, কথাসাহিত্যিক বিপুল বড়ুয়া প্রমুখ।

মানববন্ধনে আরও অংশ নেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী, প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ের বার্তা সম্পাদক ওমর কায়সার, হেড অব নিউজ আশরাফ উল্লাহ, সহকারী মহাব্যবস্থাপক মনজুর মোরশেদ, বিশেষ প্রতিবেদক মাসুদ মিলাদ, জ্যেষ্ঠ প্রতিবেদক প্রণব বল, জ্যেষ্ঠ সহসম্পাদক আহমেদ মুনির, জ্যেষ্ঠ প্রতিবেদক গাজী ফিরোজ, সুজন ঘোষ, উপব্যবস্থাপক সেলিম রেজা, সহসম্পাদক নুসরাত জাহান, আলোকচিত্রী জুয়েল শীল, গ্রাফিক ডিজাইনার নূর–ই–ইলাহি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহ প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। ছবিটি আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তোলা
ছবি: জুয়েল শীল

সাভার থেকে তুলে আনা প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয় মঙ্গলবার মধ্যরাতে। প্রায় ২৪ ঘণ্টা পর রমনা থানায় একই আইনে, একই অভিযোগ তুলে আরেকটি মামলা হয়। এ মামলায় প্রধান আসামি করা হয় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে। শামসুজ্জামানও এ মামলার আসামি।

আরও পড়ুন

গত বুধবার ভোর চারটার দিকে সাভারের বাসা থেকে সিআইডি পরিচয়ে তুলে নেওয়ার পর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না শামসুজ্জামানের। তুলে নেওয়ার পৌনে দুই ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও থানায় তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা হয়। এ মামলার বাদী যুবলীগের ঢাকা মহানগর উত্তরের ১১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সৈয়দ মো. গোলাম কিবরিয়া। যদিও মামলার বিষয়টি জানা যায় বুধবার দুপুরের দিকে। তবে গতকাল শামসুজ্জামানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় রমনা থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন একটি মামলায়। এ মামলা হয় তাঁকে তুলে নেওয়ার ১৯ ঘণ্টা পর গত বুধবার মধ্যরাতে।

রমনা থানার যে মামলায় শামসুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে, সেই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়েছে। এ মামলার বাদী হাইকোর্টের আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে শেয়ারের সময় ‘গ্রাফিক কার্ডে’ ছবির অমিলকে কেন্দ্র করে দেশের ভাবমূর্তি ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অভিযোগ এনে মামলা দুটি করা হয়েছে। যদিও ফেসবুকে দেওয়া গ্রাফিক কার্ডের অসংগতি দ্রুতই নজরে আসার পর তা সরিয়ে নিয়ে প্রথম আলো সংশোধনী প্রকাশ করে।

আরও পড়ুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং শামসুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। তাঁরা বলেছেন, এ ধরনের মামলা ও সাংবাদিকদের গ্রেপ্তার গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে।

আরও পড়ুন