গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ ‘অরাজকতাপূর্ণ’ রাষ্ট্রের বৈশিষ্ট্যের প্রকাশ: জেএসডি
প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়াকে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারি পদক্ষেপ বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
জেএসডি বলেছে, গণমাধ্যমকে নিয়ন্ত্রণে সরকারের এ পদক্ষেপ ‘অরাজকতাপূর্ণ’ রাষ্ট্রের বৈশিষ্ট্যের প্রকাশ। এই অরাজকতাপূর্ণ রাষ্ট্রের উদ্ভব ঘটেছে আইন ও সংবিধান অমান্য করে রাষ্ট্র পরিচালনার ফলে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ এসব কথা বলেন। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানসহ সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনায় তাঁরা এ বিবৃতি দেন।
বিবৃতিতে বলা হয়, একটি ব্যর্থ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে জনগণকে সহিংসতা থেকে বা বেআইনি আচরণ থেকে রক্ষা করতে না পারা। ব্যর্থ রাষ্ট্রের আরেকটি বৈশিষ্ট্য, সরকারের নিজে থেকেই সংবিধান, আইনকানুন, বিধিবিধান অহরহ লঙ্ঘন করা; মিথ্যা তথ্য দেওয়া; দুর্নীতি ও অর্থ পাচারের জন্য সরকারি দলের কারও বিরুদ্ধে আইন প্রয়োগ না করা এবং ভিন্ন মতাবলম্বীদের ওপর অব্যাহতভাবে আইনের অপপ্রয়োগ করা। এর সবই গণতন্ত্র ও মতপ্রকাশের ওপর আক্রমণের শামিল।
বিবৃতিতে প্রথম আলোর সম্পাদকসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার ও গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি জানিয়েছে জেএসডি। দলটির দাবি, নিরাপত্তার অজুহাতে গ্রেপ্তারের মাত্রা ও ব্যাপ্তি আরও দৃশ্যমান হওয়ায় অভ্যন্তরীণ ও ভূরাজনীতিতে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে সরকার।