ঢাকা মেডিকেলে ট্রলিম্যানের বিরুদ্ধে রোগী আটকে টাকা দাবির অভিযোগ

অপরাধপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লেগুনার ধাক্কায় আহত ৭০ বছর বয়সী এক ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন চালক। ওই চালককে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে টাকা দাবি করেন হাসপাতালের জরুরি বিভাগে ট্রলিম্যান হিসেবে কাজ করা মো. জাকির ও মো. আলমগীর। পরে লেগুনাচালক আরিফুল ইসলামের অভিযোগের ভিত্তিতে জাকিরকে আটক করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। সোমবার সন্ধ্যায় হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

লেগুনাচালক আরিফুল ইসলাম জানান, মিরপুর বেড়িবাঁধের কলাপট্টি এলাকায় তাঁর লেগুনার ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। দুর্ঘটনার পর স্থানীয় পুলিশ লেগুনাটি আটকে রেখে আহত ব্যক্তির চিকিৎসা করাতে বলে। পুলিশের কথামতো তিনি বৃদ্ধকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে পরে নিয়ে যান ঢাকা মেডিকেলে।

আরিফুল আরও জানান, হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর দুই ট্রলিম্যান বৃদ্ধকে তাঁদের ট্রলিতে তোলেন। মাথায় আঘাত থাকায় চিকিৎসকেরা সিটি স্ক্যান করাতে বলেন। তবে তাঁর কাছে টাকা না থাকায় চিকিৎসককে অনুরোধ করলে বিনা টাকায় সিটি স্ক্যান করে দেন।

সিটি স্ক্যানের রিপোর্ট পেয়ে ওই বৃদ্ধের চিকিৎসা করেন চিকিৎসক। আরিফুল জানান, দাঁতের চিকিৎসার জন্য মিরপুর ডেন্টাল হাসপাতালে নিয়ে যেতে বলেন। তখন রোগী নিয়ে জরুরি বিভাগ থেকে বের হওয়ার পর ওই দুই ট্রলিম্যান তাঁর কাছে সিটি স্ক্যানের টাকা দাবি করেন। কিন্তু তাঁর কাছে টাকা না থাকার বিষয়টি জানালে তাঁরা তাঁকে পুলিশে দেওয়ার হুমকি দেন। বাড়াবাড়ি করলে ৫০ হাজার টাকাও দাবি করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, এমন অবস্থায় লেগুনাচালকের কান্নাকাটি দেখে লোকজন জড়ো হন। বিষয়টি জানাজানি হয়। তখন কৌশলে ট্রলি রেখেই কেটে পড়েন এক ট্রলিম্যান। জাকির নামের অপরজনকে আটক করে হাসপাতাল পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞাতনামা রোগীকে হাসপাতালে নিয়ে আসা যুবকের কাছে টাকা দাবি করায় এক ট্রলিম্যানকে আটক করা হয়েছে। তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।