এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীদের জন্য ঢাবি, জাবি ও বুয়েট বাদ, ভর্তির সুযোগ পাবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে
অবশেষে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে। এ সুযোগ রেখেই বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিচ্ছে না। তারা আগের ঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে বহাল রয়েছে।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষায় ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অর্থাৎ প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ। আগামী ১ ডিসেম্বর এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার এ পরীক্ষার সময়সূচিও ঘোষণা করা হয়েছে। ফলাফল প্রকাশ হতে পারে ডিসেম্বরের শেষ নাগাদ। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) উপাচার্য বা তাঁদের প্রতিনিধিদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আগামী জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন গ্রহণ শুরু করার সিদ্ধান্ত হয়। আর ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়।
ইউজিসির ওই সভার পর কোনো কোনো বিশ্ববিদ্যালয় সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে সময়সূচিতে পরিবর্তন এনেছে। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয় আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১০ ডিসেম্বর। আবেদন করা যাবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ জানুয়ারি, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বুধবার এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সিদ্ধান্ত সম্পর্কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, এইচএসসি বা সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়ার পর সম্পূরক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ এবং ভর্তির ন্যূনতম জিপিএসহ অন্যান্য যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা সম্পূরক পরীক্ষার ফলাফল প্রকাশের পর আবেদন করতে পারবেন। তবে এর আগে চাইলে তাঁরা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (অ্যাডমিশন পোর্টাল) ব্যবহারকারী হিসেবে নিবন্ধন করতে পারবেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় আগে সিদ্ধান্ত নিয়েছিল যে আগামী বছরের জানুয়ারিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা-সংক্রান্ত উপকমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হবে ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা ফল প্রকাশের পর আবেদনের সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করার জন্য সাত দিন সময় পাবেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ ও ১৮ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মো. খায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৫ নভেম্বর ভর্তি কমিটির সভা ডাকা হয়েছে। তবে সব ছাত্রছাত্রীদের জন্য যেটা ভালো হয় সেই ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, তাদের ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ জানুয়ারি। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে ওই শিক্ষার্থীরা সহজেই ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করবে ১ জানুয়ারি। বিভিন্ন অনুষদের পরীক্ষা চলবে ৮, ১৫, ২২ ও ২৩ জানুয়ারি পর্যন্ত। ভর্তির আবেদন ফরম বিতরণ শুরু হবে ২৫ নভেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। গত বুধবার বিশ্ববিদ্যালয়টি এ সিদ্ধান্ত নিয়েছে।
সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, এক বা দুই বিষয়ে ফেল শিক্ষার্থীরা এসএসসির ফলের ভিত্তিতে আবেদন করতে পারবেন। পরে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলে স্নাতকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর সম্পূরকে ফেল করলে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখও পুনর্নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের ৪ ও ৫ ফেব্রুয়ারি এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ নভেম্বর কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি, আবেদনের যোগ্যতা, সময়সূচি ও ভর্তি প্রক্রিয়াসংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়ও পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। পরীক্ষা ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এতে এইচএসসির সম্পূরক পরীক্ষার পরীক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন।
ঢাবি, জাবি ও বুয়েটে ভিন্ন সিদ্ধান্ত
বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য একরামুল হক গত বুধবার প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষার তারা পরিবর্তন করবেন না। আবেদন ফরম বিতরণ শুরু হবে ২১ নভেম্বর।
ঘোষিত সময় মেনে আবেদন ও পরীক্ষা হলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ হলেও শিক্ষার্থীরা বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন না।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা প্রথম আলোকে বলেন, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শেষ হবে। ফলে এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা সুযোগ পাবেন না।
এর আগে গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির জরুরি সভায় পরীক্ষার সূচিতে পরিবর্তন না আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ ২৫ নভেম্বর ভর্তির আবেদনের শেষ দিন। আর পূর্বনির্ধারিত ৫ ডিসেম্বর থেকেই ভর্তি পরীক্ষা শুরু হবে।