সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হওয়ার আশঙ্কা, পরিবর্তনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনের লক্ষ্যে নতুন যে খসড়া করা হয়েছে, তাতে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) ও ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস (সিএফজে)। খসড়া আইনটির বেশ কিছু বিষয় নিয়ে উদ্বেগ জানিয়ে সংশোধনীতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।

আজ শনিবার এক বিবৃতি দিয়ে প্রতিষ্ঠান দুটি বলেছে, সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতে ডিজিটাল নিরাপত্তা আইনের (ডিএসএ) বিতর্কিত কিছু বিধান ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাংবাদিকদের সংবাদ প্রকাশের কারণে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও ফৌজদারি মামলা এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধান রাখা হয়েছে।

খসড়া আইনে ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে উল্লেখ করে সিজিএস ও সিএফজে বলেছে, কোনো তথ্যকে ‘অযাচাইকৃত’ বা ‘বিভ্রান্তিকর’ বিবেচনা করে সাংবাদিকদের বিরুদ্ধে এই বিধান প্রয়োগের সুযোগ তৈরি হতে পারে। এমনকি জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের ক্ষেত্রেও সাংবাদিকেরা ঝুঁকিতে পড়বেন।

অনলাইন মাধ্যমে মানহানি, হেয় করা বা হয়রানির অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখার বিষয়টি নিয়েও উদ্বেগ জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ভুক্তভোগী নারী বা শিশু হলে সর্বোচ্চ সাজা হতে পারে ১০ বছর। মানহানির অভিযোগে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের সুযোগও রাখা হয়েছে, যা আগের ডিজিটাল নিরাপত্তা আইনের বিধানের চেয়েও কঠোর।

সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়ায় সংবাদ তৈরিতে সরাসরি যুক্ত না থাকলেও সম্পাদক ও সংবাদপ্রতিষ্ঠানকে দায়ী করার সুযোগ এবং দোষী সাব্যস্ত হলে পুরো সংবাদপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার বিধানের বিষয় নিয়েও উদ্বেগ জানিয়েছে সিজিএস ও সিএফজে।

বিবৃতিতে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত সিজিএস ও সিএফজের যৌথ গবেষণার তথ্য তুলে ধরা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৮ থেকে ২০২৩ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে ২২২টি মামলা পর্যালোচনা করে প্রতিষ্ঠান দুটি। এসব মামলায় ৩৯৬ জন সাংবাদিককে আসামি করা হয়েছিল। মামলাগুলোর ১০৭টির বাদী ছিলেন রাজনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা।

আরও পড়ুন

গবেষণায় দেখা যায়, এসব মামলার অর্ধেকের বেশি ক্ষেত্রে সাংবাদিকদের গ্রেপ্তার করে বিচার শুরুর আগে আটকে রাখা হয়েছিল। বেশির ভাগ মামলার বিচারও শুরু হয়নি। ফলে আইনি প্রক্রিয়াই সাংবাদিকদের জন্য একধরনের শাস্তিতে পরিণত হয়েছিল। উদাহরণ হিসেবে (সাংবাদিক ইখতিয়ার উদ্দিন আজাদের) কথা উল্লেখ করা হয়। করোনার সময় খাদ্যসংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তাঁকে আট মাস কারাগারে থাকতে হয়েছিল। আটকের প্রায় তিন বছর পর তিনি ওই মামলা থেকে খালাস পান।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে করা ২২২টি মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে মাত্র একটিতে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। অথচ এসব মামলায় প্রায় ৪০০ সাংবাদিককে ফৌজদারি প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছে। নতুন সংশোধনীতে সেই বিতর্কিত বিধানগুলো ফিরিয়ে আনার ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।

আইন, বিচার ও সংসদবিষয়কসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে প্রতিষ্ঠান দুটি ‘গুজব’ ও ‘ইচ্ছাকৃত বিভ্রান্তিকর’ তথ্য ছড়ানোকে ফৌজদারি অপরাধ গণ্য করার প্রস্তাব এবং মানহানির জন্য ফৌজদারি শাস্তির বিধান বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে। আর জনপরিচিত ব্যক্তিদের সম্পর্কে সৎ উদ্দেশ্যে দেওয়া বক্তব্য এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতপ্রকাশের সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হয়েছে এতে।

সাংবাদিকদের সুরক্ষার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে আগ্রহের কথা জানিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে প্রতিষ্ঠান দুটি। সাংবাদিকদের গ্রেপ্তার বা তাঁদের ডিভাইস জব্দের আগে আদালতের অনুমোদন নেওয়ার মতো সুরক্ষা আইনে যুক্ত করার প্রস্তাব দিয়েছে তারা।

আরও পড়ুন

ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিসের জ্যেষ্ঠ আইনজীবী মানেকা খান্না বিবৃতিতে বলেন, সমালোচনা ও জনস্বার্থে সংবাদ প্রকাশের জন্য দমনমূলক সাইবার অপরাধ আইন ব্যবহার করে শাস্তি দেওয়ার ইতিহাস থেকে বেরিয়ে আসার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ফৌজদারি অভিযোগের মুখোমুখি করা উচিত নয়।

আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, মানহানির জন্য কারাদণ্ড উপযুক্ত শাস্তি নয় উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার ওপর যেকোনো বিধিনিষেধ স্পষ্ট, প্রয়োজনীয় ও আনুপাতিক হতে হবে। প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন যেন মতপ্রকাশের স্বাধীনতা খর্ব না করে, সে বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও জানিয়েছে সিজিএস ও ক্লুনি ফাউন্ডেশন।

আরও পড়ুন