করোনা মহামারির সময়টাতে পড়াশোনা, খেলা, সময় কাটানোসহ নানা কাজে শিশুদের ইন্টারনেটনির্ভরতা বাড়ে। দিন দিন সেটা আরও বেড়েছে। মুঠোফোন, ট্যাব, ল্যাপটপ, কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার হয়ে উঠেছে শিশুর জীবনের নিত্যদিনের অংশ। কিন্তু অনলাইন–দুনিয়ায় বিচরণের ক্ষেত্রে শিশুর জন্য কিছু নিয়মনীতি থাকা প্রয়োজন। নিরাপদ ইন্টারনেট সেবা দিতে বিটিআরসি ও সিসিমপুর অভিভাবকদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে।
ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য আগে থেকেই প্যারেন্টাল গাইডলাইন বাধ্য করেছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এবার সিসিমপুরের সঙ্গে যৌথভাবে একটি নির্দেশিকা প্রকাশ করেছে নিয়ন্ত্রণকারী সংস্থা। সেফ ইন্টারনেট অ্যান্ড আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এবং ইন্টারনেট সোসাইটি ফাউন্ডেশনের অর্থায়নে এ নির্দেশিকা তৈরি করা হয়েছে।
গতকাল শুক্রবার অমর একুশে বইমেলার শিশু চত্বরের সিসিমপুর কিডস কর্নার মঞ্চে নির্দেশিকাটি উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অভিভাবকদের জন্য গাইডলাইনটি তৈরি করেছেন তথ্যপ্রযুক্তিবিশেষজ্ঞ, শিশুবিশেষজ্ঞ ও প্রযুক্তি বিষয়ে বিশেষজ্ঞরা। এ নির্দেশিকায় শিশুদের জন্য ইন্টারনেটে ঝুঁকির নানা দিক চিহ্নিত করার পাশাপাশি অভিভাবকেরা কীভাবে এসব বিষয় থেকে সন্তানদের নিরাপদে রাখবেন, সে বিষয়ে পরামর্শও দেওয়া হয়েছে। সিসিমপুর জানায়, দেশের বিভিন্ন স্কুলে বিতরণের জন্য এটি তৈরি করা হয়েছে। এ ছাড়া এটি বিটিআরসির ওয়েবসাইট ও সিসিমপুরের অ্যাপেও পাওয়া যাবে।
আইএসপি অপারেটররা যেসব সেবা দেবে
ইন্টারনেটে ক্ষতিকর কনটেন্ট ব্যবহার থেকে শিশুদের বিরত রাখতে আইএসপি (ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান) অপারেটররা তাদের গ্রাহককে প্যারেন্টাল কন্ট্রোল সেবা বিনা মূল্যে প্রদান করতে বাধ্য বলে জানিয়েছে বিটিআরসি। আইএসপি অপারেটররা যেসব সেবা দেবে—ক্ষতিকর ওয়েবসাইট ব্লক করা, চ্যাটরুম ব্লক করা, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস ব্লক করা, ইন্টারনেট ব্যবহার কার্যক্রম পর্যবেক্ষণ করা, ছবি ও ভিডিও ফিল্টার করা, সেটিংস অপশন নিয়ন্ত্রণ করা, অন্য কেউ সেটিংস অপশন নিয়ন্ত্রণ বা পরিবর্তনের চেষ্টা করলে সে–সংক্রান্ত বার্তাপ্রাপ্তি এবং ইন্টারনেট ব্যবহারের সময় নির্দিষ্ট করে দেওয়া।
অপারেটররা অভিভাবকদের চাহিদা অনুযায়ী উল্লিখিত সেবা দেবে। তবে বাংলাদেশে এ বিষয়ে সচেতনতা ও ব্যবহারের হার খুবই কম।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল–সুবিধা নেওয়ার পরিমাণ ৫ শতাংশও নয়। সংগঠনটির সভাপতি ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, অভিভাবক যেসব সেবা একদমই চান না, সেগুলো অপারেটররা বন্ধ করে দেয়। এ ছাড়া যেসব সাইটে শুধু শিশুরা প্রবেশের সুযোগ পাবে না, সেগুলোর জন্য রাউটার থেকে সেট করে দেওয়া হয় এবং দুটো আইডি অভিভাবকদের কাছে দেওয়া হয়। এসব সুবিধা পেতে অপারেটররা সহায়তা করে থাকে।
নির্দেশিকায় যা আছে
অভিভাবক হিসেবে শিশুকে ডিভাইস দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে খেয়াল রাখার কথা বলা আছে—
নিজেকে ইন্টারনেট ব্যবহারে দক্ষ করে তুলতে হবে, যাতে শিশুদের কাছে প্রযুক্তিবান্ধব পিতা–মাতা হিসেবে উপস্থাপন করা যায়।
শিশুকে সঙ্গে নিয়ে ইন্টারনেটের সুযোগ ও সুবিধাগুলো শেখার চেষ্টা, শিশুকে ইন্টারনেট ব্যবহারের বিপদ এবং তা এড়িয়ে চলার উপায় জানানো।
অনলাইনে শিক্ষণীয় মানসম্পন্ন কনটেন্ট বের করা, যাতে শিশুরা শিখতে, খেলতে ও নতুন কিছু তৈরি করতে পারে।
অনলাইনে শিশুর উপযোগী গেম সম্পর্কে অভিভাবকদের জানা এবং সন্তানের সঙ্গে খেলা।
ইন্টারনেট ব্যবহারের সময় শিশু যেন তার অপরিচিত বিষয় এলে তা অভিভাবককে জানায়, সে ব্যাপারে উৎসাহিত করা।
ইন্টারনেট ব্যবহারের নিয়মগুলো ব্যাখ্যা করতে হবে এবং তা মেনে চলতে শিশুকে উৎসাহিত করতে হবে। যেমন কোনো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, অপরিচিত কারও সঙ্গে বন্ধুত্ব বা যোগাযোগ না করা। স্ক্রিনটাইম নিয়ে অভিভাবকের প্রত্যাশা এবং বেশি স্ক্রিনটাইমের কুফল নিয়ে সন্তানের সঙ্গে আলোচনা করতে হবে। স্ক্রিনটাইম কত হবে, তা শিশুকে নিয়েই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ রয়েছে এ নির্দেশিকায়।
ডিভাইস থেকে শিশুর অনলাইন হিস্ট্রি খেয়াল করা, যাতে অভিভাবক জানতে পারেন, শিশু কী দেখছে। ডিভাইসের ব্যবহার নিয়ন্ত্রণে প্যারেন্টিং কন্ট্রোল সম্পর্কেও জানতে হবে।
ইন্টারনেট আসক্তির বিষয়ে নির্দেশিকায় বলা হয়েছে—
শিশুর ডিভাইসের ব্যবহার বেড়েছে কি না, শিশুর আচরণ, আবেগের কোনো পরিবর্তন, ডিভাইস ব্যবহার করতে না পারলে জেদ-রাগ-কান্নাকাটি করছে কি না—এসব দেখলে বুঝতে হবে, শিশু আসক্তিতে পড়েছে। বন্ধুদের সঙ্গে খেলা, বই পড়ার চেয়ে ডিভাইসে সময় কাটায় কি না, তা খেয়াল রাখতে হবে।
পরিকল্পনা করে শিশুর সঙ্গে খেলা ও বেড়ানোর চেষ্টা, খাওয়ার সময়ে মুঠোফোন ব্যবহার থেকে বিরত থাকা, ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে পরিবারের সবাই ইন্টারনেট ব্যবহার থেকে বিরত থাকা, ঘুমাতে যাওয়ার আগে শিশুকে গল্প শোনানো, বাসায় একটি নির্দিষ্ট জায়গা করে দেওয়া, যেখানে তার উপযোগী বই, খেলনা থাকবে। শিশুকে নিয়ে বাসার ছাদ বা বারান্দায় বাগান করাসহ সপ্তাহে বা দিনের একটি সময়ে পরিবারের সবাই মিলে বই পড়া, পছন্দের কাজ বা আড্ডা দেওয়ার পরামর্শ রয়েছে।
এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইনে বলা আছে, দুই বছর বয়স পর্যন্ত কোনো ডিভাইস ব্যবহার না করা, দুই থেকে পাঁচ বছর বয়সীরা এক ঘণ্টার বেশি ডিভাইস ব্যবহার করবে না এবং ছয় বছরের বেশি বয়সী শিশুরা ডিভাইস, ইন্টারনেট ব্যবহার সীমিত রেখে যেন খেলাধুলা করে, সেদিকে নজর দিতে হবে।