প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার নিন্দা বিএফইউজে ও ডিইউজের

প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

আজ মঙ্গলবার বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন এবং ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেছেন, এ ঘটনা গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য হুমকি।

বিবৃতিতে নেতারা বলেন, সংবাদ প্রকাশের কারণে কেউ সংক্ষুব্ধ হলে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হতে পারেন। কিন্তু তার তোয়াক্কা না করে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুনে মামলায় জড়িয়ে সাংবাদিকদের হয়রানি ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে, যা সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করছে।

বিবৃতিতে গণমাধ্যমের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতকারী কারওয়ানবাজারে প্রথম আলো কার্যালয়ের অভ্যর্থনাস্থলে হামলা চালানোর চেষ্টা করে। তারা নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি ও ভয়–ভীতি প্রদর্শন করে। বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ আসে। এর আগেই দুষ্কৃতকারীরা সটকে পড়ে।

আরও পড়ুন
আরও পড়ুন