দ. এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয়, শ্রীলঙ্কা প্রথম: আইএলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা। আর ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ৪০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২২তম।

সামাজিক সুরক্ষা খাতের অন্তত একটিতে কার্যকরভাবে কত জনসংখ্যা অন্তর্ভুক্ত রয়েছে, এর ভিত্তিতে বৈশ্বিক এ তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

আরও পড়ুন

সামাজিক সুরক্ষা কর্মসূচিভুক্ত জনসংখ্যার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে শ্রীলঙ্কা ৩৬ শতাংশের বেশি মানুষকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ ২৮ দশমিক ৪ শতাংশ মানুষকে অন্তর্ভুক্ত করেছে; রয়েছে দ্বিতীয় অবস্থানে। ভারত তৃতীয়, মালদ্বীপ চতুর্থ, নেপাল পঞ্চম, পাকিস্তান ষষ্ঠ, ভুটান সপ্তম ও আফগানিস্তান অষ্টম অবস্থানে রয়েছে।
করোনাকালে সামাজিক সুরক্ষা পরিস্থিতি পর্যালোচনা করে আইএলও গত ৩১ আগস্ট ‘ওয়ার্ল্ড সোশ্যাল প্রটেকশন রিপোর্ট ২০২১-২২’ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে সামাজিক সুরক্ষা কর্মসূচির বিস্তৃতি ঘটলেও কোভিড সংক্রমণের কারণে অনেক দেশ সামাজিক সুরক্ষা পাওয়ার মতো মানবাধিকার বাস্তবায়নে চ্যালেঞ্জের মুখে পড়ে। সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে যথাযথ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে বহুদিনের অসমতাকে কোভিড আরও সামনে নিয়ে এসেছে।

মানুষের স্বাস্থ্য, চাকরি, আয় ও সামাজিক স্থিতিশীলতার জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচির প্রয়োজনীয়তাকেও সামনে আনা হয়েছে। সুরক্ষার মধ্যে টিকাপ্রাপ্তির বিষয়কেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

আরও পড়ুন

আইএলওর প্রতিবেদন অনুসারে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তত একটিতে শতভাগ মানুষকে অন্তর্ভুক্ত করেছে মাত্র চারটি দেশ। দেশগুলো হলো মঙ্গোলিয়া, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। ৯৮ শতাংশ জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করে পঞ্চম অবস্থানে রয়েছে জাপান। তালিকায় ২২তম অবস্থানে থাকা বাংলাদেশ ২৮ শতাংশের বেশি মানুষকে অন্তত একটি কর্মসূচিতে অন্তর্ভুক্ত করেছে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শ্রীলঙ্কা ১৮তম, ভারত ২৭তম, মালদ্বীপ ২৯তম, নেপাল ৩৩তম, পাকিস্তান ৩৬তম, ভুটান ৩৭তম ও আফগানিস্তান ৩৮তম অবস্থানে রয়েছে। তালিকার সবচেয়ে নিচে অবস্থান করা দুটি দেশ হলো মিয়ানমার ও কম্বোডিয়া।

এ ছাড়া তালিকায় দেশের সঙ্গে পুরো অঞ্চলেরও একটি অবস্থান দেখানো হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক সুরক্ষা কর্মসূচির অন্তত একটিতে সামগ্রিকভাবে দক্ষিণ-পূর্ব এশিয়া প্রায় ৬২ শতাংশ, বিশ্ব প্রায় ৪৭ শতাংশ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ৪৪ শতাংশ এবং দক্ষিণ এশিয়া প্রায় ২৩ শতাংশ জনসংখ্যাকে অন্তর্ভুক্ত করেছে।

প্রতিবেদনের বিষয়ে বাংলাদেশে আইএলওর এদেশীয় পরিচালক টুওমো পৌটিআইনেন প্রথম আলোর ই–মেইলের জবাবে গত সোমবার জানান, ২০১৫ সালে বাংলাদেশ সরকার জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্র তৈরির পর সামাজিক সুরক্ষার ক্ষেত্রে প্রক্রিয়াগতভাবে এগোচ্ছে। সরকার এ খাতে ক্রমান্বয়ে বরাদ্দ বাড়াচ্ছে। এরপরও জনসংখ্যার একটি উল্লেখযোগ্য সংখ্যা সামাজিক সুরক্ষা কর্মসূচির বাইরে রয়ে গেছে। সমন্বিত সামাজিক সুরক্ষা ও সর্বজনীন আওতাভুক্তির জন্য নীতিগত সুপারিশ তৈরিতে আইএলও জাতিসংঘসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর সঙ্গে কাজ করছে।

আইএলওর প্রতিবেদনে বলা হয়েছে, কোভিডের কারণে অর্থনৈতিক সংকটের মুখে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়াতে হয়েছে, সাময়িক কিছু কর্মসূচি নিতে হয়েছে। পাশাপাশি খাদ্যসহায়তা, নগদ অর্থ ও ভর্তুকিও দেওয়া হয়েছে লোকজনকে। মঙ্গোলিয়ার উদাহরণ টেনে বলা হয়েছে, সেখানে ২০২০ সালে ৬ মাসের জন্য শিশুসহায়তা ৫০০ শতাংশ বাড়ানো হয়েছিল। অতিরিক্ত ১১ লাখ শিশুকে সহায়তা দেওয়া হয়েছে।

আইএলও প্রতিবেদন অনুসারে সবচেয়ে বেশি সুরক্ষার আওতায় বয়স্ক জনগোষ্ঠী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বয়স্ক জনগোষ্ঠীর প্রায় ৭৪ শতাংশ সুরক্ষা কর্মসূচির আওতায়। এ ছাড়া প্রায় ৪৬ শতাংশ মা ও নবজাতক, কাজ করতে গিয়ে আহত প্রায় ২৫ শতাংশ কর্মী, প্রায় ২২ শতাংশ প্রতিবন্ধী, ১৮ শতাংশ শিশু ও ১৪ শতাংশ বেকার সুরক্ষা কর্মসূচির আওতায়।

দেশে ৩৫ শতাংশ সুরক্ষা কর্মসূচির আওতায়

দেশে ২৪টি মন্ত্রণালয় ১২০টি সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ২০২০-২১ অর্থবছরে ব্যয় করা হয়েছিল প্রায় ১ লাখ ৭ হাজার কোটি টাকা। এ অর্থবছরে (২০২২-২৩) এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ লাখ ১৩ হাজার কোটি টাকার বেশি। বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর অবসর ভাতাও সুরক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত। এটাকে এ কর্মসূচির আওতায় রাখা না রাখা নিয়ে বিতর্কও রয়েছে। জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলপত্রের মধ্যমেয়াদি প্রতিবেদন অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে সামাজিক সুরক্ষা খাতের বাজেটের ৩৫ শতাংশের বেশি ব্যয় হয়েছে অবসর ভাতায়।

সামাজিক সুরক্ষা কর্মসূচির ৪৫ শতাংশই (৫৪টি কর্মসূচি) বাস্তবায়ন করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ভাতা কার্যক্রম রয়েছে ২৩টি। দেশে একমাত্র প্রতিবন্ধী ভাতা সর্বজনীন। ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী মাসে ৮৫০ টাকা করে ভাতা পায়। বয়স্ক ভাতাভোগীর সংখ্যা সবচেয়ে বেশি। ৫৭ লাখ ১ হাজার বয়স্ক ব্যক্তি মাসে ৫০০ টাকা করে ভাতা পান। এ দুটি ভাতাই বিতরণ করে সমাজসেবা অধিদপ্তর।

আইএলও প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অবস্থান সন্তোষজনক কি না, জানতে চাইলে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ্ মোস্তফা কামাল গতকাল প্রথম আলোকে বলেন, কোনো কিছুতেই আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। সম্পদ ও অর্থের সীমাবদ্ধতার মধ্য থেকেও সুরক্ষা কর্মসূচির মধ্যে কাদের রাখা হবে, সেই অগ্রাধিকার ঠিক করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ডেলটা পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি সামনে ধরে এগোচ্ছে সরকার।

২০২০ সালের শুরুতে মোটা চালের কেজি ছিল ৩০ টাকা। গত আগস্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ টাকায়।

মূল্যস্ফীতির এই সময়ে অপ্রতুল ভাতার বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, বিষয়টি ভিন্নভাবেও দেখা যায়। একজন ভাতার আওতায় থাকবে, অন্যজন ভাতার বাইরে অভুক্ত থাকবে—সেই জায়গা থেকে বেরিয়ে বেশিসংখ্যক মানুষকে ভাতার আওতাভুক্ত করা হচ্ছে। ফলে অর্থের পরিমাণ কম থাকলেও বেশিসংখ্যক মানুষ উপকৃত হচ্ছে। ভাতাভোগীর সংখ্যা একই জায়গায় স্থির নেই। প্রতিবছরই আরও বেশিসংখ্যক লোককে ভাতাভুক্ত করা হচ্ছে।

মূল্যস্ফীতি বিবেচনায় ভাতার পরিমাণ বছরে নির্দিষ্ট পরিমাণে বাড়ানো উচিত বলে মনে করেন বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) চেয়ারম্যান বজলুল হক খন্দকার। তিনি বলেন, দেশে ৩৫ শতাংশ জনসংখ্যা সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায়। এ খাতে সরকার বিনিয়োগ করছে ৩ শতাংশ। প্রতিবেশী অনেক দেশের তুলনায় তা ভালো। তবে দেশে সুরক্ষা কর্মসূচি যথাযথ পর্যবেক্ষণে দুর্বলতা আছে। ফলে যাদের কর্মসূচির আওতায় থাকা উচিত, তাদের অনেকে বাদ পড়ে যাচ্ছে; আবার যাদের থাকা উচিত নয়, তারা অন্তর্ভুক্ত হচ্ছে। তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কোভিডের মতো পরিস্থিতি বিবেচনায় নিয়ে হুট করে দরিদ্র হওয়া ব্যক্তি, দুর্ঘটনা বিমা, মাতৃ সুরক্ষা ইত্যাদি বিষয়গুলোকেও অন্তর্ভুক্ত করে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা বাড়ানো প্রয়োজন।