রাজধানীতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় মেলায় শিক্ষার্থীদের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় ইউএস ইউনিভার্সিটি ফেয়ার
ছবি: প্রথম আলো

যুক্তরাষ্ট্রে পড়ালেখা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থী ও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইউএস ইউনিভার্সিটি ফেয়ার’ (মার্কিন বিশ্ববিদ্যালয় মেলা)। মেলায় ভিড় করেছেন দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী ও দর্শনার্থী। যুক্তরাষ্ট্রের ১২টি বিশ্ববিদ্যালয়ের বুথে ঘুরে ঘুরে প্রতিনিধিদের কাছ থেকে ভর্তিবিষয়ক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছেন তাঁরা।

আজ মঙ্গলবার বেলা দুইটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই মেলা শুরু হয়। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য বিস্তারিতভাবে বাংলাদেশি শিক্ষার্থীদের জানাতে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের এডুকেশনইউএসএ প্ল্যাটফর্মের মাধ্যমে এডুকেশনাল প্রোগ্রামসের (ইডিপ্রোগ্রামস) সঙ্গে যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বেলা সাড়ে তিনটায় মেলার উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

মেলা চলে সন্ধ্যা পর্যন্ত। সেখানে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। মেলা উদ্বোধনের সময় রাষ্ট্রদূত পিটার হাস যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে যেসব দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম।

মেলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো হলো কলোরাডো স্টেট ইউনিভার্সিটি, এমব্রি-রিডল স্টেট ইউনিভার্সিটি, আইওয়া স্টেট ইউনিভার্সিটি, কুইনিপিয়াক স্টেট ইউনিভার্সিটি, স্টোনি ব্রুক ইউনিভার্সিটি, ট্রাইন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ইউনিভার্সিটি অব ডেলাওয়ার, ইউনিভার্সিটি অব নিউ হ্যাভেন, ইউনিভার্সিটি অব সাউথ ডাকোটা, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট আর্লিংটন ও ওয়েস্টার্ন কেনটাকি ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়গুলোর বুথ ছাড়াও পড়ালেখা করতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আবেদনপ্রক্রিয়া নিয়ে অধিবেশন ছিল।

আরও পড়ুন

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন, ‘২০০ টাকা নিবন্ধন ফি দিয়ে মেলায় অংশ নিয়েছি। যুক্তরাষ্ট্রের ১২টি বিশ্ববিদ্যালয়ের বুথ ঘুরে দেখেছি। বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা খুব সহজভাবে সেখানে পড়তে যাওয়ার ন্যূনতম ও আনুষঙ্গিক যোগ্যতা, খরচ এবং ভর্তিপ্রক্রিয়াসহ বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন। এ ছাড়া ভর্তি-সংশ্লিষ্ট ব্যাংকিং প্রক্রিয়া, শিক্ষার্থী বিনিময় প্রোগ্রাম এবং ইংরেজি ভাষার ওপর দক্ষতা উন্নয়নের বিষয়েও ধারণা পাওয়া গেছে।’

যুক্তরাষ্ট্র দূতাবাস এ বছরই প্রথম বাংলাদেশে ইউএস ইউনিভার্সিটি ফেয়ারের আয়োজন করল। এর আগে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে গত ২৯ জানুয়ারি এই মেলার আয়োজন করা হয়। সেখানে ১ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে তাঁদের আগ্রহের বিষয় নিয়ে কথা বলেন এবং দেশটিতে পড়তে যাওয়ার জন্য করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্র বরাবরের মতো শীর্ষ গন্তব্যের দেশ ছিল। গত এক দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা তিন গুণের বেশি বেড়েছে। ২০১১-১২ শিক্ষাবর্ষে যেখানে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৩১৪, ২০২১-২২ শিক্ষাবর্ষে সেটি বেড়ে ১০ হাজার ৫৯৭ হয়েছে।