নিবর্তনমূলক ধারা রেখে সাইবার নিরাপত্তা আইন গ্রহণযোগ্য হবে না: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
অংশীজনদের মতামত বিবেচনায় না নিয়ে হয়রানি ও নিপীড়নমূলক সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। ডিজিটাল নিরাপত্তা আইনের শুধু জামিনযোগ্য ধারা বৃদ্ধি নয়, সব নিবর্তনমূলক ধারা বাতিলের দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেছেন। তিনি বলেছেন, অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই তড়িঘড়ি করে মন্ত্রিপরিষদে এই আইন (সাইবার নিরাপত্তা আইন) চূড়ান্ত করা হয়। এই আইনের সংশোধনী ও পরিবর্তন সম্পর্কে যে পাঁচ শতাধিক মতামত এসেছে, তা–ও যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি।
গতকাল সোমবার ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’–এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই আইনের খসড়াটি অনুমোদন করা নিয়ে আলোচনা চলছে।
সাইফুল হক বলেন, ভিন্নমত দমন, মুক্ত সাংবাদিকতায় বাধা ও নিপীড়নের হাতিয়ার হিসেবে নতুন আইন দেশের মানুষ কোনোভাবেই গ্রহণ করবে না। নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনের পোশাক বদল নয়, জনগণের মতপ্রকাশের স্বীকৃত গণতান্ত্রিক অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা, অনুসন্ধিৎসু সাংবাদিকতা-গবেষণা ও ব্যক্তিগত নিরাপত্তার পরিপন্থী সব ধারা–উপধারা বাতিল করা দরকার।