প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার নিন্দা এমএসএফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। আজ বুধবার এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এমএসএফ।

বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যম সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের নিচতলায় (প্রগতি ভবন) কয়েকজন যুবক ঢুকে হট্টগোল করেন। সেখানে অভ্যর্থনাকেন্দ্রে ঢুকে নিরাপত্তাকর্মীদের ধমক দেন এক যুবক। হট্টগোলকারীরা প্রথম আলো সম্পাদককে খুঁজতে থাকেন। ওই যুবকদের একজন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পুরো ঘটনা সরাসরি সম্প্রচারও করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের এখন পর্যন্ত বিচারের আওতায় আনার কোনো প্রক্রিয়া শুরু হয়নি। যদিও বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়।

এমএসএফ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতাকে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বিভিন্ন কালাকানুন প্রয়োগ করে সাংবাদিক ও গণমাধ্যমের ওপর হামলার ঘটনা এতটাই স্বাভাবিক ঘটনায় পরিণত করা হয়েছে, যা শুধু দুঃখজনকই নয়; বরং সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতারও পরিপন্থী। এমএসএফ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার পরিবেশ প্রভাবমুক্ত রাখার জোর দাবি জানানোর পাশাপাশি হামলার চেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছে।

আরও পড়ুন

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় কিছু দুষ্কৃতকারী কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের অভ্যর্থনাস্থলে হামলা চালানোর চেষ্টা করে। তাঁরা নিরাপত্তাকর্মীদের গায়ে হাত তোলাসহ হুমকি, ভয়ভীতি প্রদর্শন করেন। বিষয়টি তেজগাঁও থানাকে জানানোর পর দ্রুত পুলিশ আসে। এর আগেই দুষ্কৃতকারীরা সটকে পড়েন।

আরও পড়ুন