দুর্ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন: বিরোধীদলীয় নেতা
কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান শফিকুর রহমান।
গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। অন্যদিকে আজ ভোরে ফেনী সদর উপজেলার রামপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শফিকুর রহমান বলেন, এই দুর্ঘটনাগুলোতে নিহত ব্যক্তিদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়। নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছেন। আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করছেন।
বিরোধীদলীয় নেতা বলেন, এই মর্মান্তিক ঘটনাগুলো আবার প্রমাণ করে, দেশের পরিবহন ব্যবস্থাসহ সড়ক–রেলপথের নিরাপত্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
শফিকুর রহমান বলেন, ‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি—দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনুন এবং ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করুন।’