টিএসসিতে নারীকে লাঞ্ছিত করায় ঢাবির ৩ শিক্ষার্থী ৬ মাসের জন্য বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার ভোররাতে নারীর দিকে তরুণের লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত থাকার দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার ইসলাম তুষার (থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ), রাকিব আহমেদ (বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগ) এবং শাহরিয়ার তানজিল (নৃবিজ্ঞান বিভাগ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ভোররাতে টিএসসি এলাকায় দুই নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে ৩ জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই তরুণীকে হেনস্তার ঘটনার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই নারীকে দেখা যায়। তাঁদের মধ্যে একজনের দিকে লাঠি হাতে তেড়ে গিয়েছিলেন ওই তরুণ। ভুক্তভোগী ওই নারীকে কাঁদতে কাঁদতে বিচারের দাবি জানাতে দেখা যায়। ভিডিওতে ওই নারী বলেন, পুরান ঢাকায় সাহ্‌রি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন তাঁরা। একপর্যায়ে তাঁদের হেনস্তা করা হয়েছে।

আরও পড়ুন