মানি লন্ডারিং মামলার আসামিদের সব সম্পদ ক্রোক করা নিয়ে আলোচনা

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স হয়। ঢাকা, ২৫ জানুয়ারিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানি লন্ডারিং মামলার আসামিদের পূর্ণাঙ্গ সম্পদের তথ্য সংগ্রহ করে ক্রোকের আওতায় আনা নিয়ে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে আলোচনা হয়েছে। এ সময় জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের মামলাগুলো দ্রুত তদন্ত করে আদালতে প্রতিবেদন দেওয়া নিয়েও আলোচনা হয়।

আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সম্মেলনকক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে এসব বিষয়ে আলোচনা হয়। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে এসব তথ্য জানান।

ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে ঢাকার মহানগর দায়রা জজ স্যার মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলাগুলো আরও দক্ষতার সঙ্গে তদন্ত করার কথা বলেছেন। এসব মামলায় আসামিদের অবৈধ সম্পদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে সেগুলো ক্রোকের বিষয়েও কথা বলেছেন তিনি। এর বাইরে জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের মামলাগুলো দ্রুততার সঙ্গে তদন্ত করে প্রতিবেদন দেওয়া নিয়ে আলোচনা হয়েছে।’

এ ছাড়া সাক্ষীদের হাজির করা, তাঁদের নিরাপত্তা, সময়মতো মালখানা থেকে আদালতে আলামত উপস্থাপন, ন্যায়বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে সম্মেলনে আলোচনা হয়।

ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সভাপতি খোরশেদ আলম মিয়া এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে সম্মেলনে আলোচনা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

এ সময় ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মো. তারেক জুবায়ের, ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলামসহ বিভিন্ন পদস্থ পুলিশ কর্মকর্তা, ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন