বাংলাদেশে ৬৪% মানুষ এআই সম্পর্কে জানে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জানে না। অন্তত একবার এআই ব্যবহার করেছে, এমন মানুষ ১০ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্রের জরিপ প্রতিষ্ঠান গ্যালাপ ও প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের যৌথ উদ্যোগে পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে। একই জরিপ বলছে, এআই সম্পর্কে কম জানা ও কম ব্যবহারের দিক থেকে ৩৭ দেশের মধ্যে বাংলাদেশের নিচে আছে শুধু মালাবি, আফগানিস্তান ও কোমোরোস।

গ্যালাপ ও মাইক্রোসফট বিশ্বের ১৪০টি দেশে এই জরিপ চালাচ্ছে। এর মধ্যে প্রথম ধাপে বাংলাদেশসহ ৩৭টি দেশের জরিপের ফল গত ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে গ্যালাপের ওয়েবসাইটে। এই জরিপে বাংলাদেশ থেকে ১৫ বছর ও তার বেশি বয়সী এক হাজার মানুষ অংশ নেয়। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত মুখোমুখি, ফোনে এবং অনলাইন জরিপের মাধ্যমে মতামত সংগ্রহ করা হয়েছে। দৈবচয়নের ভিত্তিতে নমুনা বাছাই করা হয়েছে।

পিছিয়ে থাকা চার দেশের একটি বাংলাদেশ

এ জরিপে এআই বিষয়ে মানুষের জানা–বোঝার দিকটি দেখা হয়েছে কয়েকটি ধাপে। এআই সম্পর্কে জানে কি না, কখনো ব্যবহার করেছে কি না এবং করলে কত ঘন ঘন ব্যবহার করে। জরিপের ফল বলছে, দেশের ৬৪ দশমিক ২ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানে না। আর ২৫ দশমিক ৭ শতাংশ মানুষ এআইয়ের কথা জানে, তবে কখনো ব্যবহার করেনি। অন্তত একবার এআই ব্যবহার করেছে ১০ দশমিক ১ শতাংশ মানুষ। আর প্রতিদিন ব্যবহার করে ১ দশমিক ৮ শতাংশ।

এ ছাড়া সপ্তাহে এক বা একাধিকবার ব্যবহার করে ৩ দশমিক ৪ শতাংশ, আর মাসে একবার বা তার চেয়ে কম ব্যবহার করেন ৪ দশমিক ৯ শতাংশ।

প্রতিদিনের ব্যবহারে বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে শুধু মালাবি (১ শতাংশ)।

বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ

জরিপে অংশ নেওয়া ৩৭ দেশের মধ্যে এআই ব্যবহারে শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির ৪৬ শতাংশ মানুষ প্রতিদিন এআই ব্যবহার করে। প্রতি সপ্তাহে ব্যবহার করে ১৬.৩ শতাংশ মানুষ। আর প্রতি মাসে ব্যবহার করে ১৬.৮ শতাংশ। এই দেশটির ৩.৬ শতাংশ মানুষ এআই সম্পর্কে জানে না।

এআই জানার হারে শীর্ষে যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড, দুই দেশেই এই হার ৯৮ শতাংশ।

উন্নয়নশীল যেসব দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা প্রায়ই করা হয়, সেগুলোও অনেক এগিয়ে। নাইজেরিয়ায় অন্তত একবার এআই ব্যবহার করেছে প্রায় ২০ শতাংশ মানুষ। মিসরে এই হার প্রায় ২২ শতাংশ, কেনিয়ায় প্রায় ২৩ শতাংশ এবং ঘানায় প্রায় ২৬ শতাংশ। ইন্দোনেশিয়ায় এ হার ২৯ শতাংশ আর ভিয়েতনামে ৪৩ শতাংশ।

বাংলাদেশের চেয়ে পিছিয়ে থাকা তিন দেশের মধ্যে মালাবিতে অন্তত একবার এআই ব্যবহার করেছে ২ দশমিক ৮ শতাংশ মানুষ, আফগানিস্তানে ৮ শতাংশ, কোমোরোসে ৮ দশমিক ৭ শতাংশ। তবে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান ও কোমোরোসের এই পার্থক্য জরিপের ভুলের সীমার (মার্জিন অব এরর) মধ্যে পড়ে। অর্থাৎ এই হিসাব দেশভেদে ২ দশমিক ২ থেকে ৪ দশমিক ৯ শতাংশ পয়েন্ট কমবেশি হতে পারে। মোটকথা, এই তিন দেশের অবস্থান আসলে কাছাকাছি।

আরও পড়ুন

মাইক্রোসফটের হিসাবেও একই চিত্র

মাইক্রোসফটের এআই ইকোনমি ইনস্টিটিউট প্রতি তিন মাস পরপর দেশগুলোতে এআই ব্যবহারের একটি আনুমানিক হিসাব প্রকাশ করে। এটি জরিপ নয়; মাইক্রোসফটের নিজস্ব পণ্য ব্যবহারের তথ্য থেকে দেশের জনসংখ্যা ও ইন্টারনেট ব্যবহারের হার মিলিয়ে হিসাব করা।

গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুনে বাংলাদেশের ১৫ থেকে ৬৪ বছর বয়সীদের ৮ শতাংশ জেনারেটিভ এআই ব্যবহার করেছেন। সারা বিশ্বে এ হার ১৮ দশমিক ৮ শতাংশ। ১৪৭টি দেশের মধ্যে ১২৭টিতেই হার বাংলাদেশের চেয়ে বেশি।

দক্ষিণ এশিয়ায় ভারতে এ হার ১৮ দশমিক ৫ শতাংশ, নেপালে ১৪ দশমিক ৬ শতাংশ, পাকিস্তানে ১১ দশমিক ৯ শতাংশ। বাংলাদেশের নিচে আছে শ্রীলঙ্কা (৭ দশমিক ৬) ও আফগানিস্তান (৬ দশমিক ৩)। গ্যালাপের জরিপ ও মাইক্রোসফটের হিসাবের পদ্ধতি আলাদা, দুটির বয়সসীমাও আলাদা। তবু দুটিই বলছে, দেশে এআই ব্যবহারকারী ১০ শতাংশের আশপাশে।

এখনো ইন্টারনেটের বাইরে বহু পরিবার

এআই ব্যবহারের প্রথম শর্ত ইন্টারনেট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রয়োগ ও ব্যবহার জরিপ অনুযায়ী, গত বছরের জুলাই-সেপ্টেম্বরে দেখা গেছে, দেশের ৫৬ শতাংশের বেশি পরিবারের অন্তত একজন সদস্য ইন্টারনেট ব্যবহার করেন। অর্থাৎ প্রায় প্রতি ১০টি পরিবারের ৪টিতে ইন্টারনেটের ব্যবহারই নেই। শহরে এ হার ৬৪ শতাংশ, গ্রামে ৫১ দশমিক ৫ শতাংশ।

ইন্টারনেট ব্যবহারকারীদের দক্ষতাও সীমিত। বিবিএসের ২০২৪-২৫ সালের জরিপে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে ফাইল স্থানান্তর করতে পারেন মাত্র ১৫ শতাংশ। ইন্টারনেট মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করেন সরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখতে।

গ্যালাপের জরিপে বাংলাদেশের মানুষ কেন এআই ব্যবহার করছেন না, সেই কারণ জানতে চাওয়া হয়নি। তবে দেশের ৪০ শতাংশের বেশি পরিবার যেখানে এখনো ইন্টারনেটের বাইরে, সেখানে এআইয়ের নাম না শোনা মানুষের সংখ্যা বেশি হওয়া অস্বাভাবিক নয়।

আরও পড়ুন