বিশেষ সাক্ষাৎকার: জাহাঙ্গীর আলম

সম্পূরক সেচসহ অন্যভাবে কৃষককে সহযোগিতা দিতে হবে

ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়িয়েছে সরকার। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের শিক্ষক। দেশের কৃষি অর্থনীতি, উপকরণ ও ব্যবসা নিয়ে দুই যুগ ধরে গবেষণা করছেন। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ইফতেখার মাহমুদ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

প্রশ্ন :

প্রথম আলো: ইউরিয়া সারের দাম বেড়ে যাওয়ায় কৃষিতে কী ধরনের প্রভাব পড়বে?

জাহাঙ্গীর আলম: দেশে কৃষকেরা সারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করেন ইউরিয়া। ধান, গম, শাক, সবজি, ফলসহ কৃষির বিভিন্ন খাতে ইউরিয়ার ব্যবহার ব্যাপক। ফলে, এ সারের মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে দেশের কৃষিপণ্যের দামের ওপর প্রভাব ফেলবে। তবে আমাদের এটা মনে রাখতে হবে, বিশ্বজুড়ে একটি অর্থনৈতিক সংকট চলছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের অর্থনীতির বিভিন্ন খাতে ব্যয় সংকোচন ও মূল্যবৃদ্ধি হচ্ছে। বৈশ্বিক সংকট না কাটলে সামনের দিনে তা আরও বাড়বে।

আরও পড়ুন

প্রশ্ন :

কৃষকের ব্যয় যদি বাড়ে, আর আয় যদি কমে, তাহলে কী পরিস্থিতি দাঁড়াবে?

জাহাঙ্গীর আলম: হ্যাঁ, কৃষকের জায়গা থেকে দেখলে ইউরিয়ার কারণে তাঁর খরচ বেড়ে যাওয়ার বিষয়টি অনেক বড় ব্যাপার। কারণ, আমাদের দেশে কৃষকেরা এমনিতেই তাঁদের পণ্যের যথাযথ দাম পান না। এটা একটা বাস্তবতা। মূলত, চালের দাম বাড়লে চালকল মালিক, ব্যবসায়ী, ফড়িয়ারা সবচেয়ে বেশি লাভবান হন। এ কারণে সারের দাম বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষক। তাহলে আমাদের কৃষকদের এই দাম বেড়ে যাওয়ার ক্ষতি পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার মধ্য দিয়ে করতে হবে।

আরও পড়ুন

প্রশ্ন :

কৃষকের পণ্যের ন্যায্যমূল্য কে নিশ্চিত করবে? কৃষকেরা বলছেন, সরকার বা বাজার কেউ তা নিশ্চিত করতে পারছে না।

জাহাঙ্গীর আলম: সরকার যে ধান-চাল সংগ্রহ করে, তা থেকে কৃষকেরা খুব বেশি লাভবান হন না। এটা ঠিক ধান-চালের দাম বাজার ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়। তাহলে আমাদের কৃষকের উপকরণ-সংক্রান্ত খরচ কমানোর ব্যাপারে সহযোগিতা দিতে হবে। এ কাজ সরকারকে করতে হবে। যেমন ধরুন, এখন আমনের মৌসুম চলছে। কিন্তু দেশে স্বাভাবিকের চেয়ে অর্ধেকের কম বৃষ্টি হয়েছে। অনেক এলাকায় খরা পরিস্থিতি চলছে। এখন কৃষকের জন্য সম্পূরক সেচ জরুরি। সরকার গভীর নলকূপগুলো থেকে এই সেচের ব্যবস্থা করতে পারে।

ধানসহ অন্যান্য ফসল উৎপাদনে কৃষিমজুর বাবদ খরচ এখন সবচেয়ে বেশি। এই খরচ কমাতে সরকার কৃষি যন্ত্রপাতি খাতে তিন হাজার কোটি টাকার বেশি ভর্তুকি দিচ্ছে। এই ভর্তুকির সুবিধা যাতে কৃষক পান, তা সরকারকে নিশ্চিত করতে হবে। এ জন্য তদারকি বাড়াতে হবে। এ কাজে বিশ্ববিদ্যালয় ও স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: কিন্তু নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় কৃষককে তো বাড়তি অর্থ গুনতে হবে। তাঁদের পুষ্টি পরিস্থিতির অবনতির কথা বলছেন অনেকে। সারের দাম এ ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করবে কি না?

জাহাঙ্গীর আলম: দেশে যতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, তাতে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় কৃষককে সহযোগিতার জন্য ২০০ কোটি টাকার বেশি বরাদ্দের সুযোগ আছে। দেশে গত মে থেকে জুন পর্যন্ত কয়েক দফা বন্যা হয়েছে। এখন চলছে খরা। এর মধ্যে আবার সারের দাম বেড়েছে। এ পরিস্থিতিতে কৃষকের পাশে দাঁড়াতে হলে তাঁদের অগ্রাধিকার দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বাড়াতে হবে।