৬৮ বছর বয়সে প্রথম ভোট দিলেন জেসমিন, হুইলচেয়ারে আসেন তাঁর স্বামীও

৩৫ বছর বিদেশে থাকা জেসমিন আশরাফ জাতীয় নির্বাচনে এবারই প্রথম ভোট দেনছবি: প্রদীপ দাস

রাজধানীর গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৬৮ বছর বয়সে প্রথমবার জাতীয় নির্বাচনে ভোট দিলেন জেসমিন আশরাফ।

এদিকে হুইলচেয়ারে করে ভোটকেন্দ্রে প্রবেশ করেন জেসমিন আশরাফের স্বামী আশরাফ উদ্দৌলা। তাঁর ভোটকক্ষ বহুতল ভবনের ওপরের দিকে। সিঁড়ি ভেঙে ওপরে ওঠা তাঁর জন্য কষ্টকর।

ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্বে থাকা একজন নারী ভোটের সরঞ্জাম নিয়ে তাই নিচে নেমে আসেন। তাঁর সহযোগিতায় নিচেই নিজের ভোট দেন আশরাফ উদ্দৌলা।

আশরাফ উদ্দৌলা প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন দেশে ভোটের সংস্কৃতি ছিল না। আবার তিনি বড় একটা সময় বিদেশে ছিলেন। সব মিলিয়ে দীর্ঘ সময় পর তিনি ভোট দিলেন। ভোট দিতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।

স্ত্রী জেসমিন আশরাফও ভোট দিয়েছেন এ কেন্দ্রেই। জেসমিন প্রথম আলোকে বলেন, তিনি ৬৮ বছর বয়সে প্রথমবার ভোট দিলেন। ৩৫ বছর বিদেশে ছিলেন। একবার ভোটের সময় দেশে থাকলেও দেওয়া হয়নি। তাঁর উচ্চ রক্ত চাপ। এরপরও এবার ভোট দিতে এসেছেন। ভোট দিতে পেরে তাঁর ভালো লাগছে।

হুইলচেয়ারে করে ভোট দিতে আসেন আশরাফ উদ্দৌলা
ছবি: প্রদীপ দাস

আজ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শুরু হয়েছে।

আরও পড়ুন