চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা নিরসনে তিন সংস্থা চারটি প্রকল্পের কাজ করছে ৬ থেকে ১০ বছর ধরে। এত দিন ধরে কাজ চলার পরও সুফল নেই কেন?
মুহাম্মদ রাশিদুল হাসান: ৬ থেকে ১০ বছর ধরে কাজ চললেও চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা সমস্যা অনেক পুরোনো। দীর্ঘদিন ধরে নগরের প্রাকৃতিক খাল ও ছড়া বেদখল হয়ে গেছে। কোথাও কোথাও এগুলো ভরাট করে ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয়েছে। তাই এ সমস্যা সমাধানের বিষয়টি একটু সময়সাপেক্ষ, সেটি আমরা বুঝি। তবে সমস্যার গুরুত্ব অনুধাবন করে সরকারি সংস্থাগুলো যদি সমন্বয়ের মাধ্যমে কাজ করত, সমস্যাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করত, তাহলে হয়তো এতটা সময় লাগত না।
চার প্রকল্পে ব্যয় হয়েছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এরপরও এই সমস্যা লাঘব না হওয়ার কারণ কী?
মুহাম্মদ রাশিদুল হাসান: সবকিছু আসলে টাকার অঙ্কে পরিমাপ করা সম্ভব না। তবে সরকার অবশ্য গুরুত্ব বিবেচনা করে সর্বোচ্চ পরিমাণ বরাদ্দ দিয়েছিল। প্রকল্প বাস্তবায়নে জমিসংক্রান্ত বিষয়ে আইনগত জটিলতা আছে, সেটি আমরা জানি। কিন্তু এরপরও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে প্রকল্প বাস্তবায়নে সমন্বয়হীনতা রয়ে গেছে। যেমন কোনো সংস্থা কিছু কিছু খালে কীভাবে কাজ করবে, তার একটা নকশা করেছে, কিন্তু তাতে অন্য সংস্থা এসে বাধা দিয়েছে। ফলে কাজ নিয়ে সমস্যা তৈরি হয়েছে।
বাস্তবায়নকারী সংস্থা যেভাবে কাজ করছে, তাতে সন্তুষ্টির জায়গা আছে?
মুহাম্মদ রাশিদুল হাসান: সংস্থাগুলো নালা-খালের রক্ষণাবেক্ষণে কাজ করছে হয়তো। তবে আমাদের নাগরিক সমাজের বড় ভূমিকা রয়েছে। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বারবার বলে আসছে, তারা কাজ করার তিন মাসের মাথায় খালগুলো ভরাট হয়ে যায়। এগুলো ভরাট হচ্ছে আমাদের বাসাবাড়ির নিক্ষেপ করা বর্জ্যের মাধ্যমে। আমরা আমাদের খাল-নালাগুলোকে বর্জ্যাগার হিসেবে ব্যবহারের পরিস্থিতি তৈরি করেছি। সবাই যদি নালায় ময়লা ফেলি, তাহলে জলাবদ্ধতা তৈরি হবে।
এখন এ ব্যাপারে সিটি করপোরেশনকে আরও উদ্যোগী হতে হবে। নাগরিকেরা যাতে সুনির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারেন, সে ব্যবস্থা করতে হবে। তাহলে লোকজন আর বিকল্প জায়গায় বর্জ্য ফেলবেন না।
প্রকল্পগুলো বাস্তবায়নে সংস্থাগুলোর মধ্যে সমন্বয় কি ঠিকভাবে হচ্ছে?
মুহাম্মদ রাশিদুল হাসান: সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড, বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের জায়গাটা আরও দৃঢ় করা প্রয়োজন। কারণ, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, প্রকল্পটি উন্নয়ন কর্তৃপক্ষের। সে ক্ষেত্রে বাকি সংস্থাগুলোর মধ্যে প্রকল্প নিয়ে একধরনের গাফিলতি বা উদাসীনতা দেখা যায়। তাই সম্ভব হলে প্রকল্পগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসতে হবে, যাতে প্রতিটি সংস্থার দায়বদ্ধতা থাকবে। আবার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে যার যার জায়গা থেকে কাজ করার সুযোগ দিতে হবে। বিশেষ করে ১৯৯৫ সালে মহাপরিকল্পনাকে অনুসরণ করে যে সংস্থার যা দায়িত্ব, তা নিতে হবে। তাতে সবার মধ্যে দায়বদ্ধতা বাড়বে।
কিন্তু সে মহাপরিকল্পনা তো অনুসরণ বা বাস্তবায়ন করা হলো না ২৮ বছরেও...
মুহাম্মদ রাশিদুল হাসান: এটা আসলে দুর্ভাগ্যজনক বিষয়। এ মহাপরিকল্পনা সময়মতো কেউ বাস্তবায়ন করেনি। বাস্তবায়ন করার প্রয়োজন বা দায়িত্বও মনে করেনি। এর ফলে সময় চলে গেছে। এবং চট্টগ্রামে একটি দুর্যোগময় পরিস্থিতি তৈরি হয়েছে। এখনো সময় আছে, খাল-নালা, জলাধার রক্ষায় মহাপরিকল্পনায় যেসব সুপারিশ দেওয়া হয়েছে, তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করলে সুফল পাওয়া যাবে।
মহাপরিকল্পনা বাস্তবায়নে সিডিএ বা চসিকের কি সে আগ্রহ আছে?
মুহাম্মদ রাশিদুল হাসান: সিডিএ যদি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও নতুন রাস্তা করতে পারে, তাহলে কেন খাল আর জলাধারগুলো রক্ষা বা উদ্ধারে উদাসীনতা দেখাবে? এগুলোর ব্যাপারে সিডিএ, সিটি করপোরেশনকে আরও উদ্যোগী হতে হবে, কঠোর আইন প্রয়োগ করতে হবে। জলাধার রক্ষা করা সম্ভব না হলে রাস্তাঘাটই জলাধারে পরিণত হবে।
একটা কথা বারবার বলি, সিটি করপোরেশন বা সিডিএর মধ্যে অবকাঠামো উন্নয়নে যে ধরনের উৎসাহ-উদ্দীপনা দেখি, জলাধার সংরক্ষণ বা পুনরুদ্ধারে তা দেখি না, যা দুর্ভাগ্যজনক। জলাবদ্ধতা পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে জন্য জলাধারগুলো রক্ষা করতে হবে।