জনগণকে অতিরিক্ত মূল্য দিতে হয়েছে, তাদের ওপর দায়ও চাপানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানসহ অন্যরা। আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে
ছবি: প্রথম আলো

ডেঙ্গু নিয়ন্ত্রণের বিষয়টি সরকারি ও রাজনৈতিক প্রাধান্য পায়নি। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দায়সারা কাজ করেছেন, আত্মতুষ্টির প্রচারণা চালিয়েছেন। অসাধু মহল ডেঙ্গুকে কেন্দ্র করে অনিয়ম, দুর্নীতি করেছে, কিন্তু সরকারি ও রাজনৈতিকভাবে ডেঙ্গুকে গুরুত্ব দেওয়া হয়নি। বরং নিজেদের ব্যর্থতার দায় চাপানো হয়েছে জনগণের ওপর। অথচ জনগণকেই এ জন্য অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে ‘ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম: সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়।

সংবাদ সম্মেলনে এডিস মশা নিয়ন্ত্রণ কার্যক্রম ও ডেঙ্গু চিকিৎসাব্যবস্থা বিষয়ে করা একটি গবেষণার ফলাফল তুলে ধরা হয়।

গবেষণাটি চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের সর্বোচ্চ ডেঙ্গু আক্রান্ত ১০টি জেলার ওপর পরিচালনা করা হয়। গবেষণার ফলাফল উপস্থাপন করেন গবেষণা দলের সদস্য রাজিয়া সুলতানা ও জুলকারনাইন।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মশক নিয়ন্ত্রণের ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানোর অনৈতিক প্রয়াস দেখা গেছে। জনগণের ভূমিকা আছে, কিন্তু জনগণের দায়িত্ব পালনের অনুকূল পরিবেশ সৃষ্টির যে ভূমিকা নিতে হয়, তা সরকারের ছিল না।

আরও পড়ুন

টিআইবির প্রধান আরও বলেন, সুনির্দিষ্ট ও পর্যাপ্ত পূর্বসতর্কতা থাকা সত্ত্বেও কোনো ধরনের কৌশল বা কর্মপরিকল্পনা ছাড়া বিচ্ছিন্নভাবে এডহক ভিত্তিতে, লোক দেখানো মশকনিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ড আছে এবং কর্মপদ্ধতি নির্ধারণ করা আছে, কিন্তু কর্তৃপক্ষ সেটাকে কোনো গুরুত্ব দিয়েছে—এমন কোনো প্রমাণ নেই। কোভিড সংকট মোকাবিলায় যে অভিজ্ঞতা অর্জন হয়েছিল, সেটাও কাজে লাগানো হয়নি।

ইফতেখারুজ্জামান বলেন, ডেঙ্গু প্রতিরোধ বা নিয়ন্ত্রণের ক্ষেত্রে জনস্বাস্থ্য জরুরি বা প্রাধান্য পাওয়ার মতো বিষয় হওয়া সত্ত্বেও তা সরকারি ও রাজনৈতিক প্রাধান্য পায়নি। এর দায় সরকার ও রাজনৈতিক পক্ষকে নিতে হবে।

আরও পড়ুন

আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোনো কোনো ক্ষেত্রে দায়সারাভাবে দায়িত্ব পালন করেছেন—এ অভিযোগ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, কোনো ক্ষেত্রে দায়িত্ব পালন করতে চায়নি, দায় চাপিয়ে দেওয়ার প্রবণতা ছিল এবং কোনো ক্ষেত্রে আত্মতুষ্টিমূলক প্রচারণা ছিল। এ ছাড়া বিশেষজ্ঞ বা সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্ত করার উদ্যোগ ছিল না। ডেঙ্গু পরিস্থিতিকে একশ্রেণির অসাধু মহল অনিয়মের সুযোগ হিসেবে দেখেছে। বিশেষ করে কিছু ক্ষেত্রে ক্রয়প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে, সিন্ডিকেট ছিল। অনেক আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে। সরকারের সক্ষমতা ছিল এগুলো পরিহার করার, কিন্তু সেগুলো কাজে লাগানো হয়নি।