বিকেলে শহীদ মিনারে পঙ্কজ ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা, এরপর শেষকৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্য
প্রথম আলো

বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিক সদ্য প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের মরদেহ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। বিকেল চারটা থেকে সেখানে তাঁর মরদেহের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ আনুষ্ঠানিকতা চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এরপর শেষকৃত্যের জন্য তাঁর মরদেহ পোস্তাগোলা মহাশ্মশানে নেওয়া হবে।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ও ঐক্য ন্যাপের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য গত রোববার রাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। ৮৪ বছর বয়সী পঙ্কজ ভট্টাচার্য শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

এর আগে ১৭ এপ্রিল পঙ্কজ ভট্টাচার্যকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার সকালে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে পঙ্কজ ভট্টাচার্যের মৃত্যু হয়।

আরও পড়ুন

পঙ্কজ ভট্টাচার্যের শ্যালিকা বহ্নিশিখা দাশ পুরকায়স্থ গত সোমবার প্রথম আলোকে জানান, মঙ্গলবার শ্রদ্ধা নিবেদনের পর তাঁর মরদেহ রাজধানীর পোস্তাগোলা মহাশ্মশানে নেওয়া হবে। সেখানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

পঙ্কজ ভট্টাচার্য ১৯৩৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম ও ঢাকায় তাঁর শিক্ষাজীবন কেটেছে। ছাত্র আন্দোলনে সম্পৃক্ততার কারণে ১৯৫৯ সালে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন। পঙ্কজ ভট্টাচার্য গত শতকের ষাটের দশকের ছাত্র আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও পরবর্তী বাংলাদেশের সব আন্দোলন-সংগ্রামের প্রত্যক্ষদর্শী, একজন নেতৃস্থানীয় কর্মী ও সংগঠক।

আরও পড়ুন

১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও পরে কার্যকরী সভাপতি নির্বাচিত হন পঙ্কজ ভট্টাচার্য। তিনি ১৯৬৭ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র’ মামলায় অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।

পঙ্কজ ভট্টাচার্য মুক্তিযুদ্ধে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সংগঠক ছিলেন। স্বাধীনতার পর দীর্ঘদিন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৯৩ সালে ড. কামাল হোসেনের নেতৃত্বে গণফোরাম গঠনের সময় তিনি ছিলেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতিমণ্ডলীর সদস্য।

আরও পড়ুন

পরে সম্মিলিত ‘সামাজিক আন্দোলন’ নামে দেশের প্রগতিশীল-গণতান্ত্রিক মানুষের একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। ২০১৩ সালে তিনি ঐক্য ন্যাপ নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। অল্প বয়সে কৃতী ফুটবলার ছিলেন পঙ্কজ ভট্টাচার্য। লেখালেখি ও সংস্কৃতিচর্চায় বরাবর তাঁর আগ্রহ ছিল।

আরও পড়ুন