ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন ধরে ভর্তি রোজিনা বেগম ও তাঁর দুই মেয়ে। আর ২০ মাস বয়সী ছোট মেয়েকে বাসায় দেখার মতো কেউ না থাকায় তাকেও সঙ্গে রাখতে হচ্ছে এই মাকে।
আজ শনিবার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ১০ তলায় নির্ধারিত ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, পাশাপাশি দুটি বিছানা এক করে মশারি টানানো হয়েছে। ভেতরে রোজিনা বেগম ও বড় মেয়ে নিপা। দুজনের হাতেই ক্যানুলা লাগানো। আর মায়ের হাতে মাথা রেখে ঘুমিয়ে ছিল ছোট্ট আছিয়া। আর মেজ মেয়ে রুপা পাশের শিশু ওয়ার্ডে।
রোজিনা বেগমের স্বামী নুর আলম শেখ পিকআপ চালান। তাঁরা রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় থাকেন। রোজিনা বললেন, গত রোববার রাতে তিনি ও বড় দুই মেয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার থেকে তাঁদের জ্বর ছিল। পরদিন শনিবার পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। বড় মেয়ে নিপার বয়স ১২ বছর আর রুপার ৮ বছর।
রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকাল ৮টা পর্যন্ত ওই হাসপাতালে ৫৬ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন।
হাসপাতালে রোজিনাদের দেখভালের জন্য গ্রাম থেকে শ্বশুর ও শাশুড়ি এসেছেন। খাবার রান্না করে পাঠাচ্ছেন রোজিনার ভাবি। রোজিনার সঙ্গে কথা বলার সময় পাশের আরেকটি বিছানায় বিশ্রাম নিচ্ছিলেন তাঁর শাশুড়ি। পুত্রবধূ ও নাতনিদের সেবাযত্ন করে তিনিও অসুস্থ হয়ে পড়েছেন বলে জানালেন রোজিনা। শাশুড়িকে ডাকতে মানা করে তাই নিজেই কথা বললেন এই প্রতিবেদকের সঙ্গে।
এই কয়েক দিন নিজের চেয়ে সন্তানদের নিয়ে বেশি উদ্বেগে কাটছিল এই মায়ের, তবে আজ কিছুটা স্বস্তি পেয়েছেন। কারণ, শিশু ওয়ার্ডে থাকা মেজ মেয়ে রুপা আজ সুস্থ হয়ে বাড়ি ফিরছে। ছাড়পত্র নিতে তখন ব্যস্ত ছিলেন তাঁর শ্বশুর। রোজিনা বলেন, ‘সে ভালো (সুস্থ) হয়ে গেছে। আজকে তারে হাসপাতাল থেকে ছাইড়া দিবে।’ রোজিনার নিজের রক্তে প্লাটিলেটও এখন দেড় লাখের ওপরে। তবে বড় মেয়ে নিপার প্লাটিলেট সবশেষ গত বৃহস্পতিবার ৬৫ হাজারে নেমে গিয়েছিল বলে জানালেন তিনি।
এবার হাসপাতালে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে অনেকেই দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ধরনের রোগীরাই মূলত জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেনমো. নিয়াতুজ্জামান, পরিচালক (ভারপ্রাপ্ত), মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল
নিজের ও দুই মেয়ের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়ে রোজিনা জানালেন, তাঁরা মুরাদপুরে তেলের পাম্পের পেছনের এলাকায় থাকেন। সেখানে অনেক আবর্জনা ও ময়লাপানি জমে থাকে। সিটি করপোরেশনের কর্মীদের তা পরিষ্কার করতে কিংবা ওষুধ ছিটাতে কখনো দেখেননি। এ ছাড়া অনেক বাসার নিচতলায় সারা বছরই কমবেশি পানি জমে থাকে। সেখানেই মশার বংশবিস্তার হচ্ছে বলে তিনি মনে করেন।
বর্তমানে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছেন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকাল ৮টা পর্যন্ত ওই হাসপাতালে ৫৬ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২২ জন। তবে দুপুরের মধ্যে কিছু রোগী আবার সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাসায় চলে যান।
স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ২৯৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৩৯ জন। তবে এ বছর হাসপাতালটিতে কোনো রোগী মারা যাননি।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নিয়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এবার হাসপাতালে যাঁরা আসছেন, তাঁদের মধ্যে অনেকেই দ্বিতীয়বারের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ ধরনের রোগীরাই মূলত জটিলতা নিয়ে ভর্তি হচ্ছেন। তবে চিকিৎসাসেবায় কোনো ঘাটতি হচ্ছে না। এ কারণে এ বছর আমাদের হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী মারা যাননি।’