বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী দুটি লেন এড়িয়ে চলার পরামর্শ
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী দুটি লেনে কাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে পরবর্তী ৫২ ঘণ্টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলবে। এ জন্য উল্লেখিত সময়ে খুব প্রয়োজন ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের পরিচালক এ এস এম ইলিয়াস শাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পত্রিকায়ও প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিআরটি প্রকল্পের আওতায় ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের সামনে মহাখালীমুখী ৪টি লেনের মধ্যে ২ টিতে ১ ডিসেম্বর রাত ৮টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজ চলমান থাকবে। এতে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উল্লেখিত সময়ে অতি প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া সড়কাংশটি ব্যবহার না করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
অনুরোধের বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে প্রকল্প কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেছে।
এর আগে রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় ২৪ নভেম্বর সন্ধ্যা ছয়টা থেকে ২৭ নভেম্বর সকাল ছয়টা পর্যন্ত সড়কের উন্নয়নকাজের কারণে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিল একই প্রকল্প কর্তৃপক্ষ। পরে অবশ্য ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিকল্প ব্যবস্থায় সড়ক চালু থাকবে।