রাবিতে সাংবাদিকদের ওপর হামলার বিচার ও শাস্তি দাবি ডুজার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার ডুজার সভাপতি মো. মানজুর হোছাঈন মাহি ও সাধারণ সম্পাদক লিটন ইসলাম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন। এ সময় সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা হয়। হামলায় রামদা, চাপাতি, হকিস্টিক, রড, পাইপ, বেসবল ব্যাটসহ বিভিন্ন অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। সাংবাদিকদের লাঠি দিয়ে মারধর, মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা এবং পরে ঘটনাস্থলে আসা অন্য সাংবাদিকদেরও মারধরের অভিযোগ রয়েছে। এতে অন্তত ১০ জন আহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, হামলায় রাবি শাখা ছাত্রদলের সহসভাপতি এম আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহসভাপতি শরিফুল ইসলাম, সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম, কর্মী বিশাল চক্রবর্তীসহ অন্তত ১০ জন অংশ নেন।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ২৩ এপ্রিল শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ডুজার অন্তত ১০ সদস্য ছাত্রদলের হামলার শিকার হন। ওই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করলেও পাঁচ মাসের বেশি সময়ে প্রতিবেদন জমা হয়নি; দৃশ্যমান কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি। পাশাপাশি শাহবাগ থানা-পুলিশও মামলা নেয়নি।
ডুজা নেতারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচারহীনতা ও দীর্ঘসূত্রতা ভবিষ্যতে হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং পেশাগত দায়িত্ব পালনে বাধার পুনরাবৃত্তির ঝুঁকি বাড়ায়। এ ধরনের ঘটনায় সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াতে পারে না।
বিবৃতিতে নেতারা আরও বলেন, জুলাই-অভ্যুত্থানের পর মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশের যে প্রত্যাশা তৈরি হয়েছে, সাংবাদিকদের ওপর হামলার বিচার না হওয়া এবং হামলাকারীদের জবাবদিহির আওতায় আনতে ব্যর্থতা সেই প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।