দুই মাস পরও তদন্ত শুরু করেনি পুলিশ

আমদানি করা মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশকে বিস্ফোরণ। তবে এ নিয়ে তদন্ত করার উদ্যোগ নেই।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

ঢাকার তুরাগে ভাঙারির দোকানে বিস্ফোরণে আটজনের মৃত্যুর ঘটনার দুই মাস পরও তদন্ত শুরু করেনি পুলিশ। মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনাটি নিয়ে বিশেষজ্ঞ মতামত চাওয়া হয়েছে। মতামত না পাওয়ায় তদন্তও থমকে আছে।

এদিকে মামলার এজাহারে বিস্ফোরণের ঘটনার সুনির্দিষ্ট কারণ উল্লেখ থাকার পরও অপমৃত্যু মামলা নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিস্ফোরণের কারণ হিসেবে লাফজ ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের আমদানি করা মেয়াদোত্তীর্ণ জীবাণুনাশকের কথা বলা হয়েছে। তবে এ নিয়ে তদন্ত করা বা দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেই।

ফৌজদারি আইনের বিষয়ে বিশেষজ্ঞ একাধিক আইনজীবী প্রথম আলোকে বলেন, বিস্ফোরণে কারও অবহেলা থাকলে তাঁদের বিরুদ্ধে ‘অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ’ এনে মামলা করা হয়।

মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘মামলা করে কী হবে। আমার তো সবই শেষ হয়ে গেছে।’
রোকসানা আক্তার, মাজহারুলের স্ত্রী

এ ধরনের ঘটনায় অপমৃত্যু মামলা নেওয়ার কারণ নেই। চকবাজারের চুড়িহাট্টা ও মগবাজারে বিস্ফোরণের ঘটনার ক্ষেত্রেও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে মামলা করা হয়েছিল। অপমৃত্যু মামলার অর্থই হচ্ছে দুর্ঘটনায় কেউ দায়ী নন। অপমৃত্যুর ধারায় মামলা নেওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত তদন্তই শেষ হয়ে গেছে।

আরও পড়ুন

গত ৬ আগস্ট দুপুরের ওই বিস্ফোরণ ঘটে। এতে ভাঙারি দোকানের মালিক গাজী মাজহারুল ইসলামসহ মোট আটজন মারা যান। বিস্ফোরণের দিন রাতেই তুরাগ থানায় মামলা করা হয়। বাদী মাজহারুলের ভাই রাহাদ মোল্লা এ মামলার বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, ভাইয়ের লাশ নেওয়ার জন্য নিয়ম রক্ষার কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর নিয়েছিল পুলিশ। কিন্তু মামলার এজাহারে তাঁর স্বাক্ষর নেওয়া হয়েছে, সেটি তিনি জানেন না।

এজাহার পড়ে স্বাক্ষর করেননি কেন জানতে চাইলে রাহাদ মোল্লা বলেন, এজাহারে স্বাক্ষর নিচ্ছে এমন কিছু বলেনি পুলিশ। তখন শুধু ভাইয়ের লাশ বুঝে পাওয়া নিয়ে চিন্তা হচ্ছিল। কোনো কিছু পড়ে স্বাক্ষর করার মতো মানসিক অবস্থাও তখন ছিল না।

মাজহারুলের স্ত্রী রোকসানা আক্তারও প্রথম আলোর কাছে দাবি করেছেন, মামলার বিষয়ে তিনি কিছু জানেন না। তিনি বলেন, ‘মামলা করে কী হবে। আমার তো সবই শেষ হয়ে গেছে।’

পুলিশের উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) এস এম আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডজনিত দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলাটি নেওয়া হয়েছে। তবে পরে এটাকে হত্যা মামলা বা অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলায় রূপান্তরিত হতে পারে। মামলার বিষয়টি জানেন না, বাদীর এমন অভিযোগের বিষয়ে এসি বলেন, এটা হওয়ার কোনো সুযোগ নেই।