গুলশানের উপকমিশনার, ওসি প্রত্যাহার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)ফাইল ছবি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, তানভীর আহমেদকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রত্যাহার করা হয়েছে।

আজ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী এই আদেশে সই করেছেন।

আরও পড়ুন

গত শুক্রবার দুপুরে গুলশানে জড়ো হয়ে ঝটিকা মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনার পর এই দুই পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হলো।

ডিএমপির সদর দপ্তরের আদেশে বলা হয়েছে, গুলশান থানার ওসি দাউদ হোসেনকে প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

মিছিলের ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এ মামলায় ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে।

আরও পড়ুন