মইয়ে চড়ে রাস্তায় আলোকসজ্জা, লেগুনার ধাক্কায় পড়ে মৃত্যু
রাজধানীর শ্যামপুরে পূজামণ্ডপের আশপাশের সড়কে আলোকসজ্জার সময় মো. শাহীন (৪০) নামের একজন বৈদ্যুতিক মিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
শ্যামপুর থানা-পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে রাজধানীর শ্যামপুরের লাল মোহন পোদ্দার লেনে পূজামণ্ডপের আশপাশের সড়কে মই লাগিয়ে আলোকসজ্জার কাজ করছিলেন শাহীন। এ সময় বেপরোয়া গতির একটি লেগুনা (হিউম্যান হলার) মইয়ে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
রক্তাক্ত অবস্থায় শাহীনকে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহীন সায়েদাবাদের ফরিদাবাদ লেনে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটিতে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, শাহীনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।