ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডে গতকাল শনিবার উড়ন্ত মশা মারার কাজ করার কথা ছিল ১৭ জনের। তবে কাজ করেছেন ১০ জন। বাকি সাতজন কাজ না করেই ‘কাজ করেছেন’ বলে হাজিরা দিয়েছেন। আর যে ১০ জন মশকনিধন কর্মী কাজ করেছেন, তাঁরাও পুরো সময় কাজ করেননি।
বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত মোটরসাইকেলে করে উত্তর সিটির ৪ নম্বর ওয়ার্ডের আওতাধীন ন্যাম গার্ডেন, বিআরটিএ কার্যালয়, বনফুল ও স্কলাস্টিকা স্কুল এলাকা সরেজমিন ঘুরেছেন প্রথম আলোর এই প্রতিবেদক। ওই সময়ে এসব এলাকার কোথাও মশক নিধনের কর্মী পাওয়া যায়নি।
পরে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মশকমশকনিধন কর্মীদের সুপারভাইজার লোকমান হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওষুধ ছিটানোর কাজ শেষ হয়ে গেছে। ইতিমধ্যে অনেক মশকনিধন কর্মী কাউন্সিলর কার্যালয়ে এসে ফগার মেশিন (উড়ন্ত মশা মারার যন্ত্র) জমা দিয়ে বাসায়ও চলে গেছেন। তিনি নিজেও তখন কাউন্সিলর কার্যালয়ে অবস্থান করছিলেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক মশকনিধন কর্মীকে উড়ন্ত মশা মারতে প্রতিদিন পাঁচ লিটার করে ওষুধ দিয়ে থাকে। আর মশকনিধন কর্মীদের কাজের সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
দ্রুত কাজ শেষ হওয়ার বিষয়ে মশকনিধন কর্মীদের সুপারভাইজার ও মশকনিধন কর্মীরা জানান, যে পরিমাণ মশার ওষুধ দেওয়া হয়, যন্ত্র চালুর পর তা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রত্যেক মশকনিধন কর্মীকে উড়ন্ত মশা মারতে প্রতিদিন পাঁচ লিটার করে ওষুধ দিয়ে থাকে। আর মশকনিধন কর্মীদের কাজের সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
উত্তর সিটির ৪ নম্বর ওয়ার্ডটি রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় পড়েছে। ঢাকা উত্তর সিটির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুয়ায়ী, গতকাল এই ওয়ার্ডের মশকনিধন কর্মীদের ন্যাম গার্ডেন, বিআরটিএ স্টাফ কোয়ার্টার, শিল্প প্লট এলাকা, পোস্টাল ও শেরাটন স্টাফ কোয়ার্টার, এনএইচপি কোয়ার্টার, হাউজিং স্টাফ কোয়ার্টার, গোয়ালবাড়ী এলাকা, ১৪ নম্বর বাসস্ট্যান্ড এলাকা, আয়ুর্বেদিক হাসপাতাল ও কৃষি ব্যাংক এলাকায় মশার ওষুধ ছিটানোর কথা ছিল।
যে চারটি এলাকায় এই প্রতিবেদক ঘুরেছেন সেখানে মশকনিধন কর্মীদের দেখা না পাওয়ার বিষয়ে সুপারভাইজার লোকমান হোসেন বলেন, ওয়েবসাইটে যে সূচি দেওয়া আছে, সেটি প্রায় তিন বছরের পুরোনো। নতুনটি এখনো দেওয়া হয়নি।
যে সাতজন মশা মারার যন্ত্র পান না, তাঁদের দিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ করানো হয়।
সুপারভাইজারের সঙ্গে কথা বলার পর প্রথম আলোর এই প্রতিবেদক ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যান সন্ধ্যা পৌনে সাতটার দিকে। সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টির মধ্যেই মশকনিধন কর্মীদের কেউ রেইনকোট পরে, কেউ ছাতা নিয়ে হাজিরা দিতে কাউন্সিলরের কার্যালয়ে আসতে থাকেন। কাজে না যাওয়া কর্মীরাও এসে হাজিরা দিয়েছেন।
উত্তর সিটির নিয়ম অনুযায়ী, কাজ শুরুর আগে মশকনিধন কর্মীদের স্থা্নীয় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে এসে হাজিরা দিতে হয়।
৪ নম্বর ওয়ার্ডে মশক নিধনে যে ১৭ কর্মী কাজ করেন, তাঁদের মধ্যে স্থায়ী কর্মী ছয়জন, বাকিরা অস্থায়ী কর্মী (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ পাওয়া)।
মশকনিধন কর্মীদের সুপারভাইজার লোকমান হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুল খালেক, আশিকুল ইসলাম, দেবব্রত দে, সাগর আলী, আবু বক্কর সিদ্দিক, ওয়াহিদ ও সুমন গতকাল বিকেলে ওষুধ ছিটানোর কাজে যাননি। তবে কাজ না করেও কীভাবে তাঁরা হাজিরা দিলেন, এ বিষয়ে লোকমান হোসেন বলেন, ৪ নম্বর ওয়ার্ডে ফগার মেশিন আছে ১০টি। তাই বাকি কর্মীরা কাজে যাননি।
স্থানীয় কাউন্সিলর জামাল মোস্তফা প্রথম আলোকে বলেন, যে সাতজন মশা মারার যন্ত্র পান না, তাঁদের দিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ করানো হয়।