ঢাকার ৮ কেন্দ্রের তথ্য: দুই ঘণ্টায় ভোট পড়েছে ৬ থেকে ১৩%

ভোট দেওয়ার পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করছেন রাজধানীর বেরাইদের আশকারটেক এলাকার এই ভোটার। সকাল সাতটা ৫০ মিনিটে

রাজধানী ঢাকার পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য নিয়ে দেখা গেছে, প্রথম দুই ঘণ্টায় ভোট পড়ার হার ৬ থেকে ১৩ শতাংশ। ঢাকা ৬,১২, ১৩,১৪ ও ১৫ এই পাঁচটি আসনের আটটি কেন্দ্রের তথ্য এটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোট দিতে সকাল থেকেই কেন্দ্রে যাওয়া শুরু করেন ভোটাররা। তবে অন্তত চারটি কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, একেকটি ভোট পড়তে সময় লাগছে দুই থেকে তিন মিনিট। তবে এটা সামগ্রিক চিত্র নয়।

প্রথমবার ভোট দিতে পেরে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যেমন ভোট দেওয়ার জন্য সকাল সাড়ে ৭টায় কেন্দ্রে চলে এসেছিলেন সাদিয়া আক্তার। পৌনে ৮টায় তিনি ভোট দেন। তাঁর সঙ্গে দেখা হয় আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১১ আসনের কেন্দ্র এ কে এম রহমতউল্লাহ কলেজ কেন্দ্রে।

সাদিয়া এই কলেজেই পড়াশোনা করছেন। তিনি বলেন, প্রথমবার ভোট দিতে এসে খুবই ভালো লাগছে। ভোট কেন্দ্রে আসতে ও ভোট দিতে কোনো অসুবিধা হয়নি।

বেরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ইন্নি আক্তার (২২)। স্বামীর কর্মস্থলের সুবাদে তিনি সাভারে থাকেন। বেরাইদে বাবা মা থাকেন। তিনি এখানেকার ভোটার। ইন্নি বলেন, ' আমার যে কী ভালো লাগছে। ভোট দেওয়ার জন্য সাভার থেকে এসেছি দুই দিন আগে। প্রথমবার ভোট দিচ্ছি। আমার ভোট আমি দিচ্ছি। ভোট জালিয়াতি হচ্ছে না।'

ভোট পড়ার হার

ঢাকা-১৫ আসনের বিজয় ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে মোট ৩০০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এই স্কুলের দক্ষিণ পাশের ভবনের চারটি বুথে মোট ভোটার ২ হাজার ২০০ জন। সকাল ১০টা পর্যন্ত প্রায় ১৩ দশমিক ৬৩ শতাংশ ভোট পড়েছে।

এই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হাবিবুর রহমান এই বিষয়টি জানিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ভোটগ্রহণ কেন্দ্রটিতে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা বা সমস্যা সৃষ্টি হয়নি। পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে।

ভোটকেন্দ্রটিতে প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিও আছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী—বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবং জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টরা উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করছেন।

এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের আমির শফিকুর রহমান ও বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান।

ঢাকা-১২ আসনের নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ৪৬ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ওয়ালী উল্লাহ প্রথম আলোকে বলেন, প্রথম দুই ঘণ্টায় ৮ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫৪ টি। দুই ঘণ্টায় ভোট পড়েছে ২২৫ টি।

নাখালপাড়া হোসেন আলী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান। ছবিটি বেলা পৌনে ১১টার দিকে তোলা।
ছবি: আহমদুল হাসান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে তিনটি কেন্দ্র আছে। এর একটি কেন্দ্র নারীদের জন্য ৷ সেখানে নারী ভোটার রয়েছেন ২ হাজার ৫৬৫ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হেলালউদ্দীন বলেন, নারী ভোটারদের এই কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ১৭২টি ভোট পড়েছে। অর্থাৎ প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশ৷

এই কলেজ থাকা আরেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন, কেন্দ্রটিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ভোটার ৷ এখানে ১ হাজার ৪২৬ জন ভোটারের মধ্যে প্রথম দুই ঘণ্টায় ১৮০ জন ভোট দিয়েছেন। অর্থাৎ ভোট পড়েছে ১২ দশমিক ৬২ শতাংশ।

একই আসনের বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৬ হাজার ৭৩৭ জন। প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৪৬০টি (নারী ২০১, পুরুষ ২৫৯)। ভোট পড়ার হার ৭ শতাংশের কিছু কম।

ঢাকা-১৩ আসনের মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজের দুটি কেন্দ্রে প্রথম দুই ঘণ্টায় ৭ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বড় মগবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের লাইন।
ছবি: সজীব মিয়া

সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে একটি নারী ও একটি পুরুষ কেন্দ্র রয়েছে। দুটি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ৬৪০ এবং নারী ২ হাজার ৩৫৩ জন। দুই কেন্দ্রে বুথ সংখ্যা ১০টি (পাঁচটি নারী, পাঁচটি পুরুষ)।

পুরুষ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রথম দুই ঘণ্টায় পুরুষ কেন্দ্রে ২ হাজার ৬৪০ জনের মধ্যে ২০০ জন ভোট দিয়েছেন। ভোটগ্রহণের হার ৭ দশমিক ৫৭ শতাংশ।

অন্যদিকে নারী ভোট কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বাদল মিয়া প্রথম আলোকে বলেন, প্রথম দুই ঘণ্টায় ১৫৮ জন ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৫৩ জন। ভোট প্রদানের হার ৬ দশমিক ৭১ শতাংশ।

ঢাকা ১৪ আসনের বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রথম ২ ঘণ্টায় মোট ৩৪৪টি ভোট পড়েছে। সেখানে ভোটার ২ হাজার ৭৯৯ জন। ভোট পড়ার হার ১২ দশমিক ২৯ শতাংশ।