সবুজবাগে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
রাজধানীর সবুজবাগে সড়ক দুর্ঘটনায় সোহরাব হোসেন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
সোহরাব হোসেন পরিবার নিয়ে রাজধানীর সবুজবাগের ওয়াবদা রোডের মানিকদিয়া এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল গ্রামে। তাঁর বাবার নাম শামছু উদ্দিন।
সোহরাব হোসেনের ভাই শহিদুল্লাহ বলেন, সোহরাব হোসেন ইট, বালু ও পাথরের মতো বিভিন্ন নির্মাণসামগ্রী সরবরাহের কাজ করতেন। ব্যবসার কাজে মোটরসাইকেলে মানিকদিয়া এলাকায় গিয়েছিলেন তিনি। কাজ শেষে বাসায় ফেরার পথে আনুমানিক সকাল সাতটার দিকে অজ্ঞাত যানবাহন তাঁর ভাইকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁর ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেছেন, সোহরাবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।