‘হাতি বন্য প্রাণী, এটার তো লোকালয়ে থাকার কথা না। তখন মাত্র ১০০ মিটার দূরে ছিলাম। হঠাৎ হাতিটাকে দেখতে পাই। চলন্ত ট্রেনের সামনে হাতি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ট্রেন থেকে যখন নামি, তখনো হাতিটা কাতরাচ্ছিল। পরে যখন শুনি হাতিটা মারা গেছে, খুব খারাপ লেগেছে। গত ১০ বছরে কাজ করতে গিয়ে এবারই প্রথম এমন অভিজ্ঞতা হয়েছে,’ কথাগুলো বলছিলেন চট্টলা এক্সপ্রেসের সহকারী লোকোমাস্টার কাওছার হোসেন। গত বুধবার (১৭ মে) দুপুরে চট্টলা এক্সপ্রেসের ধাক্কায় রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় একটি হস্তীশাবক মারা যায়। তখন লোকোমাস্টার কাওছার হোসেন ও আনোয়ার হোসেন ট্রেনটি চালাচ্ছিলেন।
গতকাল রোববার রাতে মুঠোফোনে কথা হয় কাওছার হোসেনের সঙ্গে। তিনি প্রশ্ন করেন, ‘বন্য প্রাণী কেন রেললাইনে থাকবে? হাতির তো লোকালয়ে আসারই কথা না।’
ঘটনার বর্ণনা দিতে গিয়ে কাওছার হোসেন আরও বলেন, এই হস্তীশাবকের সঙ্গে মা হাতি ছিল। ওই হাতির পিঠে মাহুত বসেছিলেন। ট্রেনের হুইসেল বাজালে মাহুত ওই হাতিকে আটকে রাখতে পারলেও ছোট হাতিটি হুট করে চলন্ত ট্রেনের সামনে চলে আসে। ট্রেনটি থামাতে থামাতেই ধাক্কা লাগে হাতির গায়ে।
হাতিটিকে ধাক্কা দেওয়ার পর ট্রেনের ‘ভ্যাকুয়াম পাইপ’ ভেঙে যায় জানিয়ে কাওছার হোসেন বলেন, ‘তখন শুধু ভাবছিলাম, পুরো ট্রেনটাই না দুর্ঘটনায় পড়ে।’
ওই সময় চট্টগ্রাম অভিমুখী ট্রেনটির গতি ৫৫ কিলোমিটারের মতো ছিল বলে জানান কাওছার হোসেন। তিনি আরও বলেন, ‘হাতিটিকে মাত্র ১০০ মিটার দূর থেকে দেখতে পাই। হুইসেল বাজাতে থাকি। চাইলেই একটি চলন্ত ট্রেন হুট করে থামিয়ে দেওয়া যায় না। পূর্ণ গতির একটি ট্রেন থামানোর জন্য ২০০ থেকে ৩০০ মিটার জায়গার দরকার ছিল।’
এরপরও হাতিটিকে দেখার পর চলন্ত ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাতিটিকে দেখতে পাওয়ার পর থেকে ট্রেন থামানো, সবশেষে ট্রেনটি আবার যাত্রা করা পর্যন্ত মিনিট বিশেক সময় পেয়েছিলেন বলে জানান কাওছার হোসেন। তিনি বলেন, ‘ট্রেন থামানোর পর নিচে নামি। তখন হাতিটি কাতরাচ্ছে। কিন্তু হাতি এমন একটি প্রাণী যে কেউ চাইলেও হাতিকে সরিয়ে নিতে পারবে না। আহত হাতিটিকে হাসপাতালে নেওয়াও সম্ভব ছিল না। ট্রেনের সামনে হাতি চলে আসবে এটা কল্পনাতেও ছিল না। আমরা সঙ্গে সঙ্গে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই।’
কাওছার হোসেন জানালেন, ওই ঘটনায় ট্রেনের যাত্রীরাও ভয় পেয়ে যান। ট্রেন থামার পর যাত্রীদের অনেকেই নিচে নেমে আসেন। আহত হাতিকে সরানোর চেষ্টাও করেন। কিন্তু কোনো লাভ হয়নি।
বন্য প্রাণী হাতি কেন লোকালয়ে কিংবা হাতি কেন এভাবে মারা যাবে—এমন প্রশ্ন শুধু কাওছার হোসেনের না। ঘটনার পর প্রাণিপ্রেমীরাও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন, আন্দোলনে নেমেছেন। উত্তরায় এই ঘটনায় বন অধিদপ্তরের দায় কতটুকু, সেই প্রশ্নও তুলছেন অনেকেই।
ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো হাতিটির মরদেহ রেললাইন থেকে সরিয়ে পাশেই একটি খোলা জায়গায় রাখা হয়। হাতিটির পেছনের ডান পা ভাঙা ছিল। তবে এই ঘটনার পর মাহুতকে খুঁজে পাওয়া যায়নি।
সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন দক্ষিণখান থানার এএসআই জহিরুল ইসলাম। গতকাল রাতে তাঁর সঙ্গে মুঠোফোনে কথা হয়। জহিরুল বলেন, ‘ঘটনার পর হাতি দেখতে ২০০ থেকে ৩০০ মানুষ জড়ো হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে জন্য আমরা সেখানে গিয়েছিলাম।’
এএসআই জহিরুল ইসলাম আরও বলেন, ‘ট্রেনটি ঠেলতে ঠেলতে হাতিটিকে অনেক দূরে নিয়ে যায়। হাতিটির পা রেললাইনের ওপরে ছিল। পরে মানুষ জড়ো হয়ে আহত হাতিটির পা লাইন থেকে ঠেলে সরায়। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়। পরে ক্রেন দিয়ে হাতিটিকে সরিয়ে আনা হয়।’
এই ঘটনার পরদিন (বৃহস্পতিবার) রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের সামনে প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের প্রাণিপ্রেমীরা অবস্থান কর্মসূচি পালন করেন। তারা ট্রেনের ধাক্কায় হস্তীশাবকের মৃত্যুর প্রতিবাদ করেন।
প্রতিবাদকারীদের ভাষ্য, ব্যক্তি মালিকানায় হাতি লালনপালনের জন্য লাইসেন্স দেয় বন অধিদপ্তর। তবে লাইসেন্স পাওয়ার পর হাতিগুলো কোথায় আছে, কী কাজে ব্যবহার করা হচ্ছে, হাতবদল হচ্ছে কি না—এসব নিয়ে বন বিভাগের নজরদারি বা কোনো পদক্ষেপ চোখে পড়ে না। হাতি দিয়ে চাঁদা সংগ্রহ করার বিষয়টিও নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।
প্রাণিপ্রেমীরা প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীর সঙ্গে দেখা করে হাতি দিয়ে চাঁদাবাজি বন্ধ করা, নতুন করে হাতি লালনপালনের লাইসেন্স দেওয়া বন্ধ করাসহ বিভিন্ন দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা স্থপতি রাকিবুল হক প্রথম আলোকে বলেন, ‘এই হস্তীশাবকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। এটি অবহেলা ও দায়িত্বহীনতার কারণে ঘটা একটি হত্যাকাণ্ড।’
বন অধিদপ্তরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রোববার প্রথম আলোকে জানান, মারা যাওয়া হাতিটির মালিক বা মাহুতকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বন অধিদপ্তর থেকে হাতি লালনপালনের জন্য ২৮ জন লাইসেন্স নিয়েছেন। তাঁদের মধ্য থেকে ওই হস্তীশাবকের মালিককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।