ঢাকা বারের ভোট গ্রহণ শেষ, আগামীকাল ফলাফল ঘোষণা
ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির (২০২৩-২০২৪) নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে ১৯ হাজার ৬০০ ভোটারের মধ্যে ৯ হাজার ২৪৩ জন ভোট দেন। আগামীকাল শুক্রবার দুপুরের পর ফলাফল ঘোষণা করা হবে।
প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
গতকাল বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ শেষে ওই দিন রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)। নির্বাচনে কারচুপিসহ নানা অভিযোগ এনে তাঁরা ভোট বর্জন করেন বলে জানান এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ওমর ফারুক ফারুকী।
আজ বৃহস্পতিবার নীল প্যানেলের আইনজীবীরা ভোটের মাঠে ছিলেন না। তবে ভোট কারচুপির অভিযোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত ঢাকা আইনজীবী সমিতি ভবনের সামনে বিএনপি-সমর্থিত আইনজীবীদের স্লোগান দিতে দেখা যায়।
ওমর ফারুক ফারুকী প্রথম আলোকে বলেন, ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিন ভোট কারচুপি করা হয়েছে। ভোট গ্রহণ শেষে গতকাল প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট পড়েছে ৫ হাজার ২৮ জন। তাঁদের হিসাবে ভোট গ্রহণ আরও কম ছিল। এ ব্যাপারে মৌখিকভাবে অভিযোগ জানানোর পরও কোনো সুরাহা হয়নি। এ জন্য তাঁরা ভোট বর্জন করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল্লাহ আবু প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিএনপি–সমর্থিত আইনজীবীরা নির্বাচন বিতর্কিত করার জন্য ভোট বর্জনের মতো হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন।’
পুরান ঢাকার আদালত প্রাঙ্গণে ঢাকা আইনজীবী সমিতি ভবনে বুধবার সকালে এ ভোট গ্রহণ শুরু হয়। দিনভর ভোট গ্রহণের পর আজ তা শেষ হয়। বুধবার ৫ হাজার ২৮ জন ভোট দেন। আর আজ ভোট দেন ৪ হাজার ২১৫ জন।
নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান। আর সাধারণ সম্পাদক পদে লড়ছেন গোলাম কিবরিয়া জুবায়ের। অন্যদিকে, নীল প্যানেল থেকে সভাপতি প্রার্থী ছিলেন খোরশেদ মিয়া আলম। আর সাধারণ সম্পাদক প্রার্থী হন সৈয়দ নজরুল ইসলাম।
আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে রুমানা জামান, সহসভাপতি পদে প্রাণনাথ, কোষাধ্যক্ষ পদে বিবি ফাতেমা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে ফাহিম শরীফ, সহসাধারণ সম্পাদক পদে মাহবুব হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে রেজাউল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে শিখা ইসলাম, দপ্তর সম্পাদক পদে গোলাম কিবরিয়া, সমাজকল্যাণ সম্পাদক পদে আবুল হাসনাত ও ক্রীড়া সম্পাদক পদে এস এম মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাদা প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন আসলাম হোসেন, কামাল হোসেন, তানজির হোসেন, শারমিন সুলতানা, ইসমত আরা শারমিন, আশিকুল ইসলাম, সঞ্জয় কুমার কর্মকার, গাজী ইমরুল, ইয়াসিন জাহান ভূঁইয়া, নাছির উদ্দীন ও জহির উদ্দিন।
এ ছাড়া বিএনপি-সমর্থিত প্যানেলে অন্যান্য পদের মধ্যে জ্যেষ্ঠ সহসভাপতি পদে আবদুর রাজ্জাক, সহসভাপতি পদে সহিদুজ্জামান, কোষাধ্যক্ষ পদে আবদুর রশীদ মোল্লা, জ্যেষ্ঠ সহসাধারণ সম্পাদক পদে জহিরুল হাসান, সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. মইনুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক পদে মাহবুব হাসান, লাইব্রেরি সম্পাদক পদে নার্গিস পারভীন, সাংস্কৃতিক সম্পাদক পদে নূরজাহান বেগম, দপ্তর সম্পাদক পদে আনোয়ারুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক পদে মোবারক হোসেন প্রার্থী হন।
নীল প্যানেলে সদস্য পদে প্রার্থী হন ইয়াকুব আলী, মোহাম্মদ আরিফ, রেজাউল হক, আলী মর্তুজা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, সোহেল উদ্দিন, আলী বাবু, মুক্তা বেগম, মোজ্জাম্মেল হক ও রুবিনা আক্তার।
এ নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয়, সে দাবিতে এক মাস ধরে ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে কর্মসূচি পালন করে আসছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। তাঁদের অভিযোগ, আগেরবার ভোটে কারচুপি হয়েছে।