রাজধানীর তাঁতিবাজার মোড়ে গাড়ির ধাক্কায় সবজি বিক্রেতা নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

রাজধানীর বংশালের তাঁতিবাজার মোড়ে গাড়ির ধাক্কায় আবদুল কাদের (৭০) নামের এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিনি বংশালের সামসাবাদ লেনে পরিবার নিয়ে থাকতেন।

নিহত আবদুল কাদেরের মেয়ে সানজিদা খাতুন জানান, তাঁর বাবা ভোরে বাসা থেকে শ্যামবাজারে কাঁচা সবজি কিনতে গিয়েছিলেন। সবজি কিনে ফেরার পথে সকাল সাড়ে ছয়টার দিকে তাঁতিবাজার মোড়ে একটি গাড়ি তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন আবদুল কাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা পৌনে একটার দিকে তিনি মারা যান। তবে কোন গাড়ি তাঁকে ধাক্কা দিয়েছে, তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।