রাজধানীর ৩০০ ফুট সড়ক থেকে অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার, হাসপাতালে মৃত্যু
রাজধানীর ৩০০ ফুট সড়ক থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর অজ্ঞাতপরিচয় এক নারী মারা গেছেন। তাঁর বয়স ৪০-৪৫ বছর। তিনি কালো বোরকা পরা ছিলেন। তাঁকে উদ্ধারকারী পথচারী মো. মামুন জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে দুর্ঘটনায় ওই নারী আহত হন।
মামুন জানান, রাজধানীর ৩০০ ফুট সড়কে দুই নম্বর আন্ডারপাসের ওপর দিয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি গাড়ি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। তাঁকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে রাত পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।