নরসিংদীর বেলাবতে একটি আশ্রমে সাধুসঙ্গ করতে আসা লালনশিল্পীদের ওপর হামলা ও বাদ্যযন্ত্র ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) রাজু ভাস্কর্যে। ‘উন্মুক্ত লাইব্রেরি’ নামের একটি সংগঠন আয়োজিত মানবন্ধনে বক্তারা বলেন, দেশের সংস্কৃতি ধ্বংস করতেই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটানো হচ্ছে।
মানববন্ধনে শিক্ষক ও ছাত্রনেতারা বলেন, নরসিংদীর পুলকিত আশ্রমে হামলার ঘটনাটি নতুন কিছু নয়। এসব ঘটনা দেশে ধারাবাহিকভাবেই ঘটছে। আশ্রমে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানান তাঁরা।
আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এই মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সংহতি জানান। হামলার ঘটনায় উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান আহমেদুল কবির বলেন, ‘নরসিংদীর এ হামলা মূলত দেশের নিজস্ব সংস্কৃতির ওপর হামলা। শিল্পের প্রতি নৈতিক দায়বদ্ধতা থেকেই আমরা আজ মানববন্ধন করছি। বারবার শিল্পের ওপর এমন আঘাত এড়িয়ে যেতে পারি না। নরসিংদীর ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’
উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘এর আগে আমাদের লালনের ভাস্কর্যে হামলার ঘটনা ঘটেছে। একশ্রেণির মানুষ আছে, যারা আমাদের বাঙালি সংস্কৃতিকে ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিতে চায়। তারাই আমাদের সংস্কৃতির ওপর হামলা করছে বারবার। এই হামলার দ্রুত বিচার চাই।’
উন্মুক্ত লাইব্রেরির সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহর সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে কবি জসীমউদ্দীন হল ছাত্র সংসদের সাবেক জিএস ইমাম হাসান, বিশ্ববিদ্যালয়ের নাট্য সংসদের সভাপতি লিপটন ইসলাম প্রমুখ বক্তব্য দেন।