খেলতে বের হয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শিশুর
শিশু সাব্বির আহমেদ মাকে বলে বাইরে খেলতে যায়। এই যাওয়াই যে তার শেষ যাওয়া হবে, তা বুঝতে পারেননি মা। হাসপাতালের জরুরি বিভাগে ট্রলিতে রাখা সাব্বিরের নিথর দেহের সামনে মা মুরশেদা খাতুন এসব কথা বলেই বিলাপ করছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর মোহাম্মদপুর পুলপাড়ে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় প্রাণ হারায় সাব্বির। ১২ বছরের সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত। সে মা-বাবার সঙ্গে মোহাম্মদপুর পুলপাড় বটতলা এলাকায় থাকত। সাব্বিরের বাবা সাইদুল ইসলাম পেশায় রিকশাচালক। মা মুরশেদা খাতুন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন।
পথচারী তানজিল হোসেন রানা ও শ্রাবণ হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার পর সাব্বির তার বাসার অদূরে মোহাম্মদপুর পুলপাড়ে রাস্তায় খেলছিল। একপর্যায়ে বেপরোয়া গতির একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে রাত নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন সাব্বিরের মা মুরশেদা বেগম ও বড় ভাই মোকসেদুল ইসলাম। সাব্বিরের নিথর দেহ দেখতে পেয়ে মুরশেদা বেগম ট্রলির ওপর মাথা ঠুকে বিলাপ করতে থাকেন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পিকআপ ভ্যানটিকে আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশে সোপর্দ করেছেন বলে জানা গেছে।