উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে ইউরোপে যেতে চান দুই সহপাঠী ফারিয়া রহমান ও মাইদুল ইসলাম। তাঁরা বর্তমানে পড়াশোনা করছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দুজনেই স্নাতক শেষ বর্ষে পড়ছেন।
আজ শুক্রবার সকালে ফারিয়া ও মাইদুল এসেছিলেন রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। সেখানে মাইদুল প্রথম আলোকে বলেন, ‘এখানে এসে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে একসঙ্গে পেয়েছি। আমাদের কঠিন কাজটি সহজ করবে এই উদ্যোগ।’
প্রকৌশলে বিষয়ে বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার ইচ্ছা ফারিয়ার। মেলায় এসে তিনি বলেন, ‘একই ছাদের নিচে অনেকগুলো পরামর্শক প্রতিষ্ঠানকে পেয়েছি। বেশ কিছু পরামর্শ পেয়েছি। আশা করছি, তাদের পরামর্শ কাজে দেবে।’
প্রথম আলো ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ উদ্যোগে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সকাল থেকে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। আয়োজনে ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক পিএলসি।
‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে দুই দিনের অফলাইন আয়োজন চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত।
এই আয়োজনে থাকছে বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তিপ্রক্রিয়া–সম্পর্কিত তথ্য, স্কলারশিপ ও আবেদনবিষয়ক পরামর্শ এবং শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা।
মেলা শুরুর পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থী ও অভিভাবকেরা বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। এই শিক্ষার্থীরা তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে বিদেশে যেতে আগ্রহী।
রাজধানীর বনশ্রী থেকে মায়ের সঙ্গে এসেছিলেন ইমতিয়াজ আহমেদ। তিনি এবার উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন। ইমতিয়াজ স্নাতক ডিগ্রি অর্জনের জন্য বিদেশে যেতে চান।
ইমতিয়াজের মা ফারজানা চৌধুরী বলেন, ‘এখানে এসে ভালো লাগছে। অনেক প্রতিষ্ঠানের সেবা এক জায়গায় পেয়েছি। কয়েকটি প্রতিষ্ঠানের ফোন নম্বর রেখেছি। পরে যোগাযোগ করে আরও বিস্তারিত জানব।’
শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দিতে মেলায় আছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা–পরামর্শক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৪০টির বেশি স্টল। সেগুলো হলো এএইচজেড (এমএইচ গ্লোবাল গ্রুপ), বিডি এক্সপার্ট এডুকেশন কনসালটেন্সি, বাংলায় আইইএলটিএস, বিএসসি, সিএইচএস এডুকেশন, ড্রিম স্টাডি ইন্টারন্যাশনাল, ড্রিমবাজ, এডুকেশন হাব, এক্সিকিউটিভ স্টাডি, এডুকেশন কানেক্ট গ্লোবাল, এডুকেশন অ্যাট, ফিউচার এডি, ফেইথ ওভারসিস লিমিটেড, গো জায়ান, গ্রোথ একাডেমি গ্লোবাল, ফ্যান্টাসি গ্লোবাল এডুকেশন, এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশন, ক্যাম্পাস গ্রুপ, এইচ অ্যান্ড আই কাউন্সিল, ইন্টারন্যাশনাল এডুকেশন কাউন্সেলিং সেন্টার (আইইসিসি) লিমিটেড, লুমোস গ্লোবাল, এলভিএস গ্লোবাল এডুকেশন কনসালটেন্সি, ম্যাক্সিমাস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন, মেন্টরস, ম্যাপস এডু, ব্রিট একাডেমি, পিনাকল কনসালটেন্সি গ্রুপ, পিএফইসি গ্লোবাল, শেবা কনসালটেন্সি, সেনজেন এডু লিমিটেড, স্টাডি সলিউশনস, টেন মিনিট স্কুল, ইউনিগ্লোবাল, ভিসা এক্সপ্রেস, উইজডম এবং ওয়েমস এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন।
এ ছাড়া আছে প্রথমা, ট্রান্সকম বেভারেজেস লিমিটেড ও কেএফসির স্টল। ফেয়ারে ডিজিটাল কানেকটিভিটি সহায়তায় রয়েছে আম্বার আইটি লিমিটেড।
দুই দিনের এ আয়োজনে থাকছে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে বিশেষ ফেসবুক লাইভ। মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি এই আলোচনার মাধ্যমে তাঁরা বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং নিজেদের সার্ভিস ও অফার সম্পর্কে জানাবেন।
অফলাইন মেলার পাশাপাশি ওয়েবসাইটে আজ থেকে চলছে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজন। ঘরে বসেই এখান থেকে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোর সেবা ও অফার–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।