দুর্ঘটনার পর দৌড়ঝাঁপ, কিছুদিন পর ‘চুপচাপ’ 

ঝুঁকিপূর্ণ বহুতল ভবনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে চার বছর আগে বিশেষজ্ঞ কমিটি করেছিল রাজউক। কিন্তু কমিটির সুপারিশ আমলে নেওয়া হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৯ সালের মার্চে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে
ফাইল ছবি

যখনই রাজধানীতে কোনো ভবনে অগ্নিকাণ্ড বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, তখনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তৎপর হয়ে ওঠে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের উদ্যোগও ধীরে ধীরে থেমে যায়।

২০১৯ সালের মার্চ মাসে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর রাজউকের আওতাধীন এলাকার বহুতল (১০ তলার ওপর) সব ভবনের অগ্নিনির্বাপণ ব্যবস্থার তথ্য সংগ্রহের কাজ শুরু করে রাজউক। চার বছর পর এসে দেখা যাচ্ছে, তথ্য পেলেও ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিরাপদ করার ব্যবস্থা নেওয়া হয়নি। 

সর্বশেষ গত ৭ মার্চ পুরান ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনের বেজমেন্টে (ভূগর্ভস্থ তলা) অগ্নিকাণ্ডের পর নতুন আরেকটি উদ্যোগ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মূলত বেজমেন্টের ঝুঁকিপূর্ণ ব্যবহার হচ্ছে কি না, সেই খোঁজ নেওয়া শুরু করে রাজউক। সিদ্দিক বাজারে বেজমেন্টে বিস্ফোরণ থেকেই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাততলা ভবনটির বেজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা ধ্বংসস্তূপে পরিণত হয়, নিহত হন ২৬ জন।

আরও পড়ুন
রাজধানীর সিদ্দিকবাজারে বিধ্বস্ত ভবন
ফাইল ছবি: প্রথম আলো

সিদ্দিক বাজারের বিস্ফোরণের পর রাজউকের ২৪টি পরিদর্শক দল বিভিন্ন ভবনের বেজমেন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করে। এর ভিত্তিতে পরিদর্শনকারীরা গত ৩০ মার্চ রাজউকে একটি প্রতিবেদন জমা দেন। পরিদর্শক দল প্রতিবেদনে দাবি করেছে, গত ১০-২৩ মার্চ রাজউকের আওতাধীন এলাকার (ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভার) ২ হাজার ২০৪টি ভবনের বেজমেন্টের তথ্য সংগ্রহ করেছে তারা। তবে কতটি ভবনের বেজমেন্ট ঝুঁকিপূর্ণ বা অবৈধ ব্যবহার হচ্ছে, সেই তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই। 

■ রাজউকের আওতাধীন এলাকায় ১০ তলার ওপর ভবন রয়েছে ১ হাজার ৮১৮টি।

■ বহুতল ভবনগুলোর মধ্যে ১ হাজার ১৫৫টিতেই অগ্নিনির্বাপণযন্ত্র নেই। 

প্রতিবেদন অনুযায়ী, পরিদর্শন করা ভবনগুলোর মধ্যে ৬৮৩টির বেজমেন্টে দাহ্য পদার্থের দোকান বা গুদাম এবং বিপণিবিতানের অস্তিত্ব পাওয়া গেছে। তবে দাহ্য পদার্থের দোকান কতটি রয়েছে বা গুদামের সংখ্যা কত—তা উল্লেখ নেই। বেজমেন্টে সবচেয়ে বেশি ১৭৯টি দাহ্য পদার্থের গুদাম বা দোকান ও বিপণিবিতান পাওয়া গেছে অঞ্চল-৫-এ (লালবাগ ও বঙ্গবাজারসহ পুরান ঢাকার একটি অংশ, ধানমন্ডি ও মোহাম্মদপুরের একাংশ)। সিদ্দিক বাজারের দুর্ঘটনাকবলিত ভবনটিও রাজউকের অঞ্চল-৫–এ পড়েছে। রাজউকের আওতাধীন এলাকাকে মোট আটটি অঞ্চলে ভাগ করা হয়েছে। 

আরও পড়ুন

সরেজমিনে বেজমেন্টের তথ্য সংগ্রহের পর কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে রাজউকের তিনটি অঞ্চলের তিনজন কর্মকর্তার সঙ্গে কথা বলেছে প্রথম আলো। তাঁরা বলেন, পরিদর্শনে পাওয়া ২ হাজার ২০৪টি বেজমেন্টসহ ভবনের মধ্যে ১ হাজার ৯৪৪টি ভবনের নকশা তাৎক্ষণিক দেখাতে পারেননি মালিকেরা। ফলে ওই সব বেজমেন্টে রাজউক কী ধরনের ব্যবহারের অনুমতি দিয়েছে, তা জানা যায়নি। এ জন্য ১ হাজার ৯৪৪টি ভবনমালিককে নকশা সরবরাহ করতে চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেকেই নকশা সরবরাহ করেছেন। এসব নকশা যাচাই করে দেখা হচ্ছে। এতে বেজমেন্টের অবৈধ ব্যবহার পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, কিছু ব্যতিক্রম বাদ দিলে ভবনের বেজমেন্ট মূলত গাড়ি পার্কিংয়ে ব্যবহৃত হয়। সে হিসেবে যেসব ভবনের বেজমেন্ট পার্কিং ছাড়া ভিন্ন কাজে ব্যবহৃত হয়, সেগুলো অবৈধ হওয়ার কথা। বেজমেন্টের অবৈধ ব্যবহার দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি করে উল্লেখ করে তিনি বলেন, বেজমেন্টে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে পয়োনিষ্কাশন নালা, ট্যাংক ও পাইপলাইনের গ্যাস থেকে গ্যাস জমা হতে পারে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।

রাজউক সূত্রে জানা গেছে, বেজমেন্টের তথ্য সংগ্রহের পর এখনো বড় কোনো উচ্ছেদ অভিযান শুরু হয়নি। এর কারণ হিসেবে বলা হচ্ছে, কোনো ভবনে অভিযান চালাতে হলে ভবনমালিককে তিন দফায় তিনটি নোটিশ (চিঠি) দিতে হয়। এতে প্রায় ৪৫ দিন লেগে যায়। তৃতীয় ও চূড়ান্ত নোটিশ পাওয়ার পর ভবনমালিক নিজে অবৈধ ব্যবহার বন্ধ না করলে রাজউক ব্যবস্থা নিতে পারবে। বেজমেন্ট পরিদর্শনের পর এখন পর্যন্ত ভবনমালিকদের একটি নোটিশ (পরিদর্শক দলকে যারা ভবনের নকশা দেখাতে পারেনি) দেওয়া হয়েছে।

ভবনের নকশার অনুমোদন দেওয়ার দায়িত্বে থাকা রাজউকের অথরাইজড কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ১ জুন প্রথম আলোকে বলেন, প্রথম চিঠিতে ২৫ মের মধ্যে ভবনমালিকদের নকশা রাজউকে জমা দিতে বলা হয়েছিল। এখনো দ্বিতীয় চিঠি পাঠানো হয়নি।

এ অবস্থায় বেজমেন্টের অবৈধ ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কত দিন সময় লাগবে এবং আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

বহুতল ভবনে অগ্নিঝুঁকি

চার বছর আগে বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের পর বহুতল ভবন-সংক্রান্ত রাজউকের প্রতিবেদন অনুযায়ী, রাজউকের আওতাধীন এলাকায় ১০ তলার ওপর বহুতল রয়েছে ১ হাজার ৮১৮টি। এর মধ্যে ১ হাজার ১৫৫ ভবনেই অগ্নিনির্বাপণযন্ত্র নেই। অথচ নিয়ম অনুযায়ী, এসব ভবনে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নিনির্বাপণযন্ত্র), ফায়ার অ্যালার্ম (আগুন লাগলে স্বয়ংক্রিয় সংকেতব্যবস্থা), হোসপাইপ (পানি ছিটানোর পাইপ), ফায়ার হাইড্রেন্ট (অগ্নিনির্বাপণকাজে ব্যবহৃত বিশেষ পানিকল) থাকার কথা।

রাজউকের তথ্য অনুযায়ী, ১ হাজার ৮১৮টি বহুতল ভবনের মধ্যে ৫৬৬টি ভবনে জরুরি বহির্গমন সিঁড়ি নেই। আর বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে অনুমোদিত নকশা না মানার প্রবণতাও দেখতে পেয়েছে রাজউক। এমন ভবনের সংখ্যা প্রায় ৮৪ শতাংশ।

বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে আইন অনুযায়ী, ফায়ার সার্ভিস থেকে অগ্নিনিরাপত্তা–সংক্রান্ত ছাড়পত্র নিতে হয়; কিন্তু বাস্তবে বেশির ভাগ ক্ষেত্রে তা মানা হয় না। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অগ্নিনিরাপত্তা-ব্যবস্থা না থাকলে ভবনমালিকদের ফায়ার সার্ভিস থেকে নোটিশ দেওয়া হয়। অবশ্য কেউ নোটিশ অনুযায়ী পদক্ষেপ না নিলে ভবনমালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার মতো ফোর্স ফায়ার সার্ভিসের নেই।

এসব ভবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে চার বছর আগে ১২ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি করেছিল রাজউক। কমিটিতে ছিলেন ফায়ার সার্ভিসের তৎকালীন মহাপরিচালক, বুয়েটের তিনজন অধ্যাপক, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, প্রকৌশলী ও স্থপতিদের প্রতিনিধি, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রতিনিধি ও রাজউকের কর্মকর্তারা। ২০১৯ সালের সেপ্টেম্বরে কমিটি পাঁচটি সুপারিশ করেছিল। এর মধ্যে অন্যতম ছিল ভবনগুলোর ‘ডিটেইলড ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট’ (বিস্তারিত প্রকৌশলগত মূল্যায়ন) করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া; কিন্তু কোনো সুপারিশই বাস্তবায়ন হয়নি। 

নাম না প্রকাশের শর্তে কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, ভবনগুলোর বিষয়ে রাজউক বা ফায়ার সার্ভিস কোনো ব্যবস্থা নেয়নি। ভবনগুলো ঝুঁকিপূর্ণ। 

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে রাজউক থেকে তদন্ত কমিটি করা হয়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়। কিছুদিন দৌড়ঝাঁপ চলে, এরপর চুপচাপ। রাজউক দায়িত্ব নিয়ে কোনো কাজ পুরোপুরি শেষ করতে পারে না। রাজউকের কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত বর্তমান অবস্থার কোনো পরিবর্তন হবে না।


[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আশিকুজ্জামান]