মিরপুরে দুই বাসের পাল্লাপাল্লি, মাঝে চাপা পড়ে প্রাণ গেল চালকের সহকারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত জিসানের স্বজনদের আহাজারি। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে দুই বাসের পাল্লাপাল্লিতে প্রাণ গেছে চালকের এক কিশোর সহকারীর। সে দুই বাসের মাঝে চাপা পড়ে নিহত হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে মিরপুর ১ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই কিশোরের নাম জিসান (১৭)। সে আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুরগামী পরিস্থান পরিবহনের একটি বাসের চালকের সহকারী ছিল।

জিসানের গ্রামের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া গ্রামে। তার বাবার নাম মো. মনির হোসেন। জিসান পরিবারের সঙ্গে মিরপুর শেওড়াপাড়া এলাকায় থাকত।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জিসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে পরিস্থান পরিবহনের অন্য একটি বাসের চালক তোফাজ্জল হোসেন জানান, সকালে পরিস্থান পরিবহনের বাসটি আবদুল্লাহপুর থেকে মোহাম্মদপুরে যাচ্ছিল। বাসটি মিরপুর ১ নম্বরে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছিল। এ সময় প্রজাপতি পরিবহনের একটি বাস তাদের বাসের পাশাপাশি চলে আসে। তখন পরিস্থান বাসটি চলতে শুরু করে। জিসান বাসে ওঠার সময় প্রজাপতি ও পরিস্থান বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়।

তোফাজ্জল আরও জানান, আহত অবস্থায় জিসানকে প্রথমে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ঘটনার পরপরই পরিস্থান ও প্রজাপতি পরিবহনের দুটি বাস জব্দ ও দুই চালককে আটক করা হয়েছে।

জিসানে মরদেহ মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।