মানববন্ধন করতে পারেননি স্থানীয়রা, হট্টগোল করতে পেরেছেন কাউন্সিলরের সমর্থকেরা
রাজধানীর গেন্ডারিয়ায় শত বছরের পুরোনো ডিআইটি প্লট পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন করার ঘোষণা দিয়েও পরে স্থগিত করা হয়েছে। আয়োজকেরা বলছেন, পুলিশের অনুমতি না পাওয়ায় মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
এদিকে যেখানে মানববন্ধন হওয়ার কথা ছিল, তার কিছুটা দূরে বেশ কিছু বস্তিবাসী জড়ো হয়ে হট্টগোল সৃষ্টি করেন। তাঁরা মানববন্ধন আয়োজকের বিরুদ্ধে অভিযোগ করেন।
ডিআইটি প্লট পুকুর রক্ষার দাবিতে আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় পুকুরের চারপাশে অবস্থান নিয়ে মানববন্ধন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছিল। সকাল পৌনে ১০টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, মানববন্ধনে অংশ নিতে আয়োজক ও পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। তবে মানববন্ধন হয়নি।
মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক ইব্রাহীম আহম্মেদ বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) আমাদের থানায় ডাকা হয়েছিল। আমরা কী করতে যাচ্ছি, সেটা তারা (পুলিশ) জানতে চেয়েছিল। আমরা মানববন্ধনের অনুমতি চেয়ে পুলিশের উপকমিশনার ও থানার ওসি বরাবর চিঠি দিতে চাইলে পুলিশ তা নেয়নি।’ ইব্রাহীম অভিযোগ করেন, পুলিশের তাঁদের বলেছে, কিছু হলে দায়ভার এলাকাবাসী নেবে কি না? এরপর এলাকাবাসীর নিরাপত্তার স্বার্থে মানববন্ধন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মানববন্ধনের নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
আদালতের রায় অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন এ পুকুর রক্ষার আন্দোলনের যৌক্তিকতা নিয়ে ইব্রাহীম বলেন, জলাধার ও জলাশয় আইনে পুকুর ব্যক্তি কিংবা রাষ্ট্রীয় মালিকানাধীন যাই হোক, একমাত্র রাষ্ট্রের কাজে ব্যবহার ছাড়া সেই পুকুর ভরাট করা যাবে না। তাই অতিসত্বর এ পুকুর দখলমুক্ত করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। তাঁর দাবি, জাকির হোসেনের কাছ থেকে ভাড়া নিয়ে সাবেক কমিশনার (ওয়ার্ড কাউন্সিলর) সাইদুর রহমান ওরফে সহিদ পুকুর ভরাট ও দখল করছেন।
আন্দোলনকারীরা সাংবাদিকদের সঙ্গে যে জায়গায় কথা বলছিলেন, সেখান থেকে কিছু দূরেই কয়েক শ বস্তিবাসী অবস্থান নিয়ে হট্টগোল করতে থাকেন। তাঁরা সাবেক কাউন্সিলর সাইদুর রহমান ও তাঁর মেয়ে বর্তমান কাউন্সিলর সাহানা আক্তারের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
এ সময় কয়েকজন বস্তিবাসী চিৎকার করে বলছিলেন, রিপন (ইব্রাহীম আহম্মেদ) নিজেই এত বছর ধরে বালু ও ঝুট ফেলে পুকুরটি ভরাট করেছেন। কাউন্সিলর ওই ময়লা পরিষ্কার করে মাছ চাষ করছেন। সেই মাছ আমাদের খেতে দিচ্ছেন।’
হট্টগোলকারীদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ছিলেন ডিআইটি প্লট এলাকার বাসিন্দা মোজাম্মেল হক ও আবদুল মতিন। তাঁরা বলেন, হট্টগোলকারীরা কেউ ডিআইটি প্লট এলাকার বাসিন্দা নন। তাঁদের বাইরে থেকে ডেকে আনা হয়েছে। কিছুক্ষণ পর ওই লোকদের কাউন্সিলর কার্যালয়ে গিয়ে জড়ো হতে দেখা যায়। পুকুরপাড়ে কাউন্সিলর কার্যালয়ের নিচের রাস্তায় তখন তেহারি রান্নার আয়োজন চলছিল।
এদিকে মানববন্ধনের অনুমতি না দেওয়ার বিষয়ে শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঢাকা মহানগরের ভেতরে কোনো এলাকায় কর্মসূচি পালনের অনুমতি দেওয়ার এখতিয়ার থানার নেই। এ অনুমতি পুলিশ কমিশনার (ডিএমপি কমিশনার) দিয়ে থাকেন।
ওসি বলেন, ‘মানববন্ধন তো করেছে, তারা এসেছে, কথা বলেছে, কেউ তো বাধা দেয়নি। অনুমতি ছাড়াই মানববন্ধন করেছে; বরং সংবাদ পেয়ে সেখানে গিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে আমরা আন্তরিকভাবে কাজ করেছি। অতি উৎসাহী কিছু লোকজন সেখানে হট্টগোল বাধানোর চেষ্টা করেছিল, আমাদের তৎপরতায় সেটা পারেনি।’
এ নিয়ে কথা হয় সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘জমির মালিক আমি না। আমি একটি মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষে গত ২৮ বছর এই মামলায় সহযোগিতা করেছি। তারা আদালত থেকে জমির মালিকানা নিয়ে রায় পেয়েছে। এখন তারা যদি স্থাপনা করে, তাহলে অসুবিধা কোথায়?’
পুকুর ভরাট করার বিষয়ে সাইদুর রহমান বলেন, পুকুরের জায়গায় পুকুর আছে। পুকুর ভরাট করে কোনো স্থাপনা করা হয়নি। যা করা হয়েছে সবই পুকুরের পাড়ে। বরং পুকুরের চারপাশে যে রাস্তা আছে, এর মধ্যে পুকুরের জায়গা আছে ১০ থেকে ১২ ফুট। তিনি বলেন, প্রতিটি বাড়ির ছাদ থেকে পুকুরে ময়লা-আবর্জনা ফেলা হয়। সেটা বন্ধ করতেই চারপাশে বেড়া (স্থাপনা) দেওয়া হচ্ছে। আর এখন যারা আন্দোলন করছেন, তাঁরাই ২০ বছর ধরে পুকুরটিতে ময়লা ফেলেছেন।
সাবেক এই কাউন্সিলরের দাবি, পুকুরে মাছ চাষ করে সেটা জনগণকেই খাওয়ানো হয়। পুকুর থেকে ১০ টাকার মাছও বিক্রি করা হয় না। তাঁর মেয়ে কাউন্সিলর (৪৭ নম্বর) সাহানা আক্তারের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘ওর অভিজ্ঞতা কম। তার হয়ে আমিই কথা বললাম।’
নিজের পক্ষে লোকজন জড়ো করার বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর সাহানা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রিপনের (ইব্রাহিম) মতো লোক মানবন্ধন করছে শুনে তার বিরুদ্ধে অবস্থান নিতে স্থানীয় লোকজন চলে এসেছে।’ তাদের খাওয়ানোর জন্য রান্নার আয়োজন প্রসঙ্গে কাউন্সিলর বলেন, ‘এই মানুষজনের জন্য নয়, প্রতি শুক্রবার জুরাইন কবরস্থান এলাকার দুঃস্থ মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। সে জন্যই রান্না চলছিল।’