কৌতুক অভিনেতা রনির অবস্থার উন্নতি হচ্ছে: চিকিৎসক
গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক সামন্ত লাল সেন। একই ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে ভর্তি জিল্লুর রহমানের শারীরিক অবস্থারও উন্নতি হচ্ছে।
আজ শুক্রবার সকালে সামন্ত লাল সেন প্রথম আলোকে এসব কথা বলেন। সামন্ত লাল সেন বলেন, আগামীকাল (শনিবার) তাঁদের ড্রেসিং করা হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাঁদের কেবিনে স্থানান্তর করা হবে কি না। তবে আশা করা হচ্ছে, তাঁদের কেবিনে স্থানান্তর করা যাবে। তাঁরা এখন ইনস্টিটিউটের এইচডিওতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) চিকিৎসাধীন।
গাজীপুর জেলা পুলিশ লাইনসে গত শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন।
এ ঘটনায় দগ্ধসহ আহত ব্যক্তিদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দগ্ধের মাত্রা বেশি হওয়ায় সেখান থেকে শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পাঠানো হয় রনি ও জিল্লুর রহমানকে। রনির শরীরের ২৫ শতাংশ এবং জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়। তাঁদের শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়।
সামন্ত লাল সেন আরও বলেন, গতকাল (বৃহস্পতিবার) রনি ও জিল্লুরের সঙ্গে কথা বলেছি। তাঁরা আগের চেয়ে ভালো বোধ করছেন। এখন নিজে থেকেই তাঁরা খেতে পারছেন। অক্সিজেন দেওয়ার প্রয়োজন পড়ছে না। এখন তাঁদের শারীরিক অবস্থা বেশ ভালো মনে হচ্ছে।