রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী বিশ্ববিদ্যালয়ছাত্রী নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আজ শনিবার সন্ধ্যার দিকে নিহত ইসরাত জাহানের মরদেহ তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

ইসরাত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের পঞ্চম সেমিস্টারের ছাত্রী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়ায়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে করা মামলায় ট্রাকের চালক মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পথচারীরা ট্রাকচালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহনেওয়াজ প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

এসআই শাহনেওয়াজ বলেন, ইসরাত রামপুরায় একটি হোস্টেলে থেকে লেখাপড়া করতেন। গতকাল বিকেলে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন। পরে রামপুরায় ফেরার পথে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে পেছন থেকে ট্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ইসরাতের বন্ধু সামান্য আঘাত পেয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত শিক্ষার্থীর বাবা আবদুর রশিদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরাতের বাবা আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘আশা ছিল, মেয়ে লেখাপড়া শেষে চাকরি করবে। কিন্তু সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে গেল।’